শীতে ঠোঁট ফাটার আসল কারণ কী? লিপবাম মেখেও স্বস্তি না মিললে জেনে নিন ঘরোয়া সমাধান

শীত এলেই ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্ন নিয়ে দুশ্চিন্তা বাড়ে। ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা, ফেটে যাওয়া কিংবা জ্বালাপোড়ার মতো সমস্যা অনেকেরই দেখা দেয়। যাদের ত্বক এমনিতেই শুষ্ক, তাদের ভোগান্তি আরও বাড়ে। এর ওপর গাঢ় রঙের লিপস্টিক বা ম্যাট লিপস্টিক নিয়মিত পরলে ঠোঁটের শুষ্কতা আরও চোখে পড়ে। অনেক সময় বারবার লিপবাম লাগিয়েও স্বস্তি মেলে না।

ঠোঁটের এই শুষ্কতা সব সময় সাধারণ শীতকালীন সমস্যা নয়। কখনো কখনো ঠোঁটের চারপাশে জ্বালাপোড়া, লালচে ভাব ও খসখসে চামড়া ওঠার সমস্যা দেখা দেয়। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস থেকেও এমন সমস্যা বাড়ে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে লিপ-লিকিং ডার্মাটাইটিস বলা হয়। তাই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত যত্ন নেওয়া দরকার। ঘরোয়া কিছু উপাদান দিয়ে কীভাবে ঠোঁটের যত্ন নেওয়া যায়, তা দেখে নেওয়া যাক।

অ্যালোভেরা ও মধুর মিশ্রণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকর। মধু ঠোঁটে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আর অ্যালোভেরা জেল শীতল অনুভূতি দেয়। একটি ছোট পাত্রে এক চা চামচ অ্যালোভেরা জেল ও এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। তবে অ্যালোভেরা ব্যবহারের আগে অ্যালার্জি আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া ভালো।

হলুদ ও দুধের প্যাকও ঠোঁটের যত্নে ব্যবহার করা যায়। এক চা চামচ দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। তবে ঠোঁট আগে থেকেই ফেটে থাকলে বা ক্ষত তৈরি হলে হলুদ ব্যবহার না করাই ভালো, কারণ এতে জ্বালাপোড়া হতে পারে।

গোলাপের পাপড়ির পেস্টও বেশ উপকারী। আধা কাপ দুধে পাঁচ থেকে ছয়টি গোলাপের পাপড়ি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পাপড়িগুলো ছেঁকে নিয়ে ভালোভাবে বেটে পেস্ট তৈরি করুন। এটি ঠোঁটে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসার রস ও গ্লিসারিন ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শসায় প্রচুর পানি থাকায় এটি ত্বকের যত্নে পরিচিত। এক চা চামচ শসার রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। গ্লিসারিন ঠোঁটে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

মধু ও নারিকেল তেলের যত্ন ঠোঁটের শুষ্কতা কমাতে ভালো কাজ করতে পারে। এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ নারিকেল তেল মিশিয়ে পরিষ্কার ঠোঁটে লাগান। ১৫ মিনিট পর আলতোভাবে মুছে বা ধুয়ে ফেলুন। নারিকেল তেল ঠোঁটের ওপর আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

ঘরোয়া প্যাকের পাশাপাশি প্রতিদিনের কিছু অভ্যাসেও নজর দেওয়া জরুরি। পর্যাপ্ত পানি পান করুন এবং বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো এড়িয়ে চলুন। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পেট্রোলিয়াম জেলি বা সুগন্ধিবিহীন লিপবাম ব্যবহার করতে পারেন। বাইরে বের হলে এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করা ভালো। এ ছাড়া ঠোঁটের শুকনো চামড়া টেনে তোলা বা বারবার স্ক্রাব করা থেকে বিরত থাকুন।

সব ঘরোয়া উপাদান সবার ত্বকে সমানভাবে কাজ করে না। কোনো উপাদান ব্যবহারে জ্বালাপোড়া বা অ্যালার্জি হলে তা তৎক্ষণাৎ বন্ধ করুন। ঠোঁট দীর্ঘদিন ধরে ফাটলে, রক্ত পড়লে, ব্যথা বা প্রদাহ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত ও সঠিক যত্নেই শীতে ঠোঁটের কোমলতা ধরে রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *