রক্তে শর্করা নিয়ন্ত্রণে কমলা নাকি আঙুর? কোন ফলটি বেশি উপকারী?

কমলা এবং আঙুর—উভয় ফলেই কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তবে এই দুই ফলের মধ্যে আঙুরের তুলনায় কমলা খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা কম; এর কারণ কমলায় কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক পুষ্টি উপাদান তুলনামূলকভাবে বেশি থাকে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে কমলা কেন এগিয়ে
আঙুরের তুলনায় কমলা খেলে রক্তে শর্করা ধীরে বাড়ে, কারণ কমলায় প্রায় এক-তৃতীয়াংশ কম কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় বলে বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার থেকে রক্তে শর্করা দ্রুত বাড়ার ঝুঁকি থাকে।
পাশাপাশি কমলায় আঙুরের তুলনায় প্রায় দ্বিগুণ আঁশ বা ফাইবার থাকে, যার বড় অংশ জলে দ্রবণীয়। এই আঁশ হজম প্রক্রিয়ার গতি ধীর করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে রক্তে শর্করা দ্রুত বাড়ার আশঙ্কা কমে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতেও সুবিধা হয়। এ ছাড়া একটি মাঝারি কমলা থেকে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন বি-৯ বা ফোলেটের প্রায় ১০ দশমিক ৭৫ শতাংশ পাওয়া যায়; একটি গবেষণায় দেখা গেছে, ফোলেট সাপ্লিমেন্ট ইনসুলিনের মাত্রা উন্নত করতে পারে, যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
রক্তে শর্করার ওপর আঙুরের প্রভাব
সমপরিমাণ কমলার তুলনায় আঙুরে কার্বোহাইড্রেট ও চিনি বেশি থাকায় তা খেলে রক্তে শর্করা দ্রুত বাড়ার সম্ভাবনা বেশি থাকে, এবং আঁশের পরিমাণ কমলার প্রায় অর্ধেক হওয়ায় পুষ্টি উপাদান দ্রুত শোষিত হয়। তবুও পেস্ট্রি বা কুকিজের মতো খাবারের তুলনায় আঙুরের প্রভাব কম, এবং প্রায় ১৫০ গ্রাম বা এক কাপ (প্রায় ২২টি) আঙুরের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ করে খাওয়া সহজ। প্রাথমিক কিছু গবেষণায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আঙুরের উপাদানের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং প্রাণীর ওপর গবেষণায় আঙুরের বীজের নির্যাস ইনসুলিনের মাত্রা ও কার্যকারিতা বাড়াতে সহায়ক দেখা গেলেও মানুষের ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
পুষ্টিগুণের তুলনা ও খাওয়ার পরামর্শ
সামগ্রিকভাবে দুটি ফলই রক্তে শর্করার ওপর তুলনামূলক কম প্রভাব ফেলে এবং ফল খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস ও রক্তে শর্করার উন্নতির যোগসূত্র পাওয়া গেছে। তবে রসের বদলে গোটা ফল খাওয়া ভালো, কারণ রস তৈরির সময় অধিকাংশ আঁশ বাদ পড়ে যায়।
-
কমলার পুষ্টিগুণ: কম কার্বোহাইড্রেট ও মোট চিনির পাশাপাশি এতে আঁশ, ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট ও ক্যালসিয়াম বেশি থাকে।
-
আঙুরের পুষ্টিগুণ: আঙুরে ভিটামিন কে এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে আঙুরের চেয়ে কমলা কিছুটা ভালো বিকল্প হলেও পরিমিত পরিমাণে দুটি ফলই খাওয়া যায়। ব্যক্তির শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও রক্তে শর্করার মাত্রা অনুযায়ী ফলের পরিমাণ নির্ধারণ করা জরুরি; তাই কোনও একটি ফল পুরোপুরি বাদ না দিয়ে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে গোটা ফল খাওয়াই শ্রেয়।