‘পার্ক স্ট্রিট কখনও আমার রক্ত থেকে বেরোবে না’, বড়দিন ও কেক তৈরির গল্প শোনালেন ঊষা উত্থুপ

বড়দিন মানেই কলকাতা, আর কলকাতা মানেই পার্ক স্ট্রিটের আলো, জিঙ্গল বেলসের সুর এবং উৎসবের এক আলাদা আমেজ। শহরের বড়দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপের বহু স্মৃতি ও আবেগ। তাঁর কাছে ক্রিসমাস নিছক একটি দিন নয়, বরং একটি বিশেষ অনুভূতি। সেই বড়দিনের আবহেই এবার নতুন ইংরেজি গান নিয়ে আসছেন ঊষা উত্থুপ। তাঁর কণ্ঠে শোনা যাবে ‘কামিং হোম’। ঘরে ফেরার আবেগ, ভালোবাসা, সম্পর্কের উষ্ণতা এবং একসঙ্গে থাকার আনন্দকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিশেষ ক্রিসমাস গান।
ঊষার কথায়, “আমার কাছে ক্রিসমাস একটা অনুভূতি, একেবারে ম্যাজিকের মতো। বিশেষ করে কলকাতায়, যেখানে ক্রিসমাসের শব্দ, সুর, আবহ সবকিছুই অনুভব করা যায়। জিঙ্গল বেলস শোনা যায়, ‘সাইলেন্ট নাইট’-এর সুর ভেসে আসে। চারপাশে এমন অনেক সুন্দর জিনিস থাকে, যা বড়দিনকে আরও বিশেষ করে তোলে।” এই শহরের উৎসবের পরিবেশ, মানুষের উচ্ছ্বাস এবং আলোকসজ্জা বরাবরই তাঁকে মুগ্ধ করে।
বড়দিন ও পার্ক স্ট্রিটকে আলাদা করে ভাবতেই পারেন না ঊষা উত্থুপ। শহরের ক্রিসমাস উদযাপনের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বলেন, “আমি পার্ক স্ট্রিটকে মিস করি না, কারণ আমি পার্ক স্ট্রিটকে ভালোবাসি। পার্ক স্ট্রিট কখনও আমার রক্ত থেকে বেরিয়ে যাবে না। ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট মানেই ক্রিসমাস।” তাঁর সঙ্গীতজীবনের শুরুর দিকের নানা স্মৃতি এবং ঐতিহ্যবাহী ‘ট্রিঙ্কাস’-এর কথাও জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে।
‘কামিং হোম’ গানটির মিউজিক ভিডিয়োর শুটিং হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী বদন চন্দ্র রায় রাজবাড়িতে। ভিডিয়োতে অভিনয় করেছেন সুপ্রতিম রায় এবং সায়নী দত্ত। গানটির কথা ও সুর দিয়েছেন আমেরিকাবাসী সুরকার ও গীতিকার সৃজয় মিত্র, এবং পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন তেজস গান্ধী। গানটি ঘিরে বেশ আশাবাদী সুপ্রতিম ও সায়নী দুজনেই।
ক্রিসমাসের রং নিয়েও ঊষা উত্থুপের নিজস্ব ভাবনা রয়েছে। সবুজ পোশাকে সেজে তিনি জানান, বড়দিন মানেই সবুজ, আর কলকাতাও তাঁর কাছে সবুজের শহর। লাল ও সবুজের মেলবন্ধন তাঁর চোখে শান্তি ও মানবতার ভ্রাতৃত্বের প্রতীক।
উৎসবের ব্যক্তিগত প্রস্তুতির কথাও ভাগ করে নিয়েছেন শিল্পী। তিনি জানান, ক্রিসমাস আসলে জীবনের উদযাপন এবং বাড়িতে পরিবারের সঙ্গে এই দিনটি কাটানো তাঁর কাছে অত্যন্ত প্রিয়। ঊষার কথায়, “আমার টেবিল ভর্তি থাকে কেক দিয়ে, যেগুলো আমি নিজেই তৈরি করি। আজই কেক তৈরির সমস্ত উপকরণ কিনেছি। রাম, ব্র্যান্ডি দিয়ে সেগুলো ভিজিয়ে রাখা হয়েছে। কয়েক দিন পর লোয়ার সার্কুলার রোডে আমার বেকারিতে যাব। সেখানে কেক তৈরি হবে। ক্রিসমাসকে কোনও নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধা যায় না। ক্রিসমাস মানেই ক্রিসমাস।”
কলকাতার বড়দিনের চিরচেনা আবেগকে সঙ্গে নিয়ে ঊষা উত্থুপের কণ্ঠে ‘কামিং হোম’ উৎসবের মরসুমে শ্রোতাদের কাছে ঘরে ফেরার উষ্ণ অনুভূতি পৌঁছে দেবে বলেই আশা করা হচ্ছে।