১ জানুয়ারি থেকে চালু হচ্ছে ‘ভরসা’ প্রকল্প, মাসে ২০০০ টাকা কারা পাবেন? জারি বিজ্ঞপ্তি

বেকারভাতা নিয়ে নানা জল্পনা ও আলোচনার মাঝেই ‘ভরসা’ প্রকল্প সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই প্রকল্প কার্যকর হতে চলেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই উদ্যোগের আওতায় স্নাতক এবং সরকারি কলেজ থেকে ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে, যাঁরা স্নাতক নন, তাঁদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকা আবশ্যক। যাঁরা কোনও স্বনিযুক্ত পেশায় যুক্ত অথবা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাঁরা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না।

অন্যান্য কিছু প্রকল্পের মতো এই ক্ষেত্রেও একটি পরিবার থেকে সর্বাধিক দু’জন আবেদনকারী এই সুবিধা পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর গ্র্যাজুয়েট বিভাগের জন্য স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন।

রাজ্য সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা যাঁরা পান, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে দিব্যাঙ্গজনদের জন্য নির্ধারিত মানবিক পেনশন বা সংশ্লিষ্ট পেনশন প্রাপকেরা এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে আবেদন করার সুযোগ পাবেন।

ভোটার তালিকা সংক্রান্ত শর্তে বলা হয়েছে, আবেদনকারীর নাম ২০২৬ সালের এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে হবে অথবা SIR অ্যাপেলেট ট্রাইব্যুনালে তাঁর মামলা বিচারাধীন থাকতে হবে। পাশাপাশি, সিএএ-র অধীনে যাঁদের আবেদন বিবেচনাধীন রয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সমস্ত আবেদন যোগ্যতার শর্ত অনুযায়ী খতিয়ে দেখার পর নির্ধারিত আধিকারিক যোগ্যদের তালিকা সুপারিশ করবেন।

‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করে মূল তথ্যভাণ্ডারে সংযুক্ত করা হবে। আপাতত ১৫ মাস এই আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরবর্তীতে ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, ভুল তথ্য বা ভুয়ো নথি জমা দিলে আবেদন সরাসরি বাতিল হবে। পরবর্তী সময়ে কোনও যোগ্যতার শর্ত লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য রাখার সুযোগ দিয়ে সহায়তা বন্ধ বা স্থগিত করার সংস্থানও রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *