হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে কড়া সতর্কতা কেন্দ্রের! ফাঁস হতে পারে গোপন নথি

হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে কড়া নির্দেশ জারি করেছে কেন্দ্র। ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে যে সাবধান না হলেই ফাঁস হয়ে যেতে পারে গোপন নথি। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে সরকারি বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাবলিক কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে যে একটি সক্রিয় সেশন থেকে সাইবার অপরাধীরা বহু তথ্য হাতিয়ে নিতে পারে। জানা গিয়েছে, পাকিস্তান-ভিত্তিক গোয়েন্দা কর্মীরা ৫০টিরও বেশি প্রতিরক্ষা সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করেছিল, যার জেরেই উদ্বেগ বেড়েছে কেন্দ্রে।

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন থেকে বিপুল পরিমাণ গোপন নথি ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবের নিরাপদ ব্যবহার নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফেও একটি সচেতনতামূলক গ্রাফিক্স প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকার প্রথম অংশে হোয়াটসঅ্যাপ ওয়েবে দাপ্তরিক বা সংবেদনশীল কাজকর্ম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক এবং গোপনীয় তথ্য সম্ভব হলে কম্পিউটারের হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের মাধ্যমে আদান-প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের স্থায়ীভাবে লগ ইন করে না রাখার কথা বলা হয়েছে এবং প্রতিবার ব্যবহারের পর লগ আউট করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ব্রাউজারের উইন্ডো বা ট্যাব বন্ধ করলেই লগ আউট হয় না বলেও স্পষ্ট করা হয়েছে।

যাঁদের হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতেই হবে, তাঁদের জন্য একাধিক সতর্কতা মানার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহার অপরিহার্য হলে প্রাইভেট বা ইনকোগনিটো ব্রাউজিং মোড ব্যবহার করতে বলা হয়েছে, যদিও দাপ্তরিক ও সংবেদনশীল ক্ষেত্রে এটি কেবল বাড়তি সাবধানতা হিসেবে বিবেচ্য এবং অফিসের সিস্টেমে হোয়াটসঅ্যাপ ওয়েব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত বা পাবলিক কম্পিউটার ব্যবহার না করাই ভালো বলে জানানো হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টের অস্বাভাবিক গতিবিধির দিকে নজর রাখা এবং অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখার কথা বলা হয়েছে। সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল ও ক্র্যাক করা সফটওয়্যার থেকেও দূরে থাকার নির্দেশ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *