জীতুর অভিমানে খাওয়া বন্ধ, হাউমাউ করে কাঁদলেন সৃজলা! বিগ বসের কাছে কী স্বীকারোক্তি?

বিগ বস বাংলার অন্দরমহলে জীতু কমল এবং সৃজলা গুহর সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন নাটক। গত কয়েকদিন ধরেই সৃজলার প্রতি নিজের অনুভূতির কথা জানিয়ে আসছেন জীতু। তবে সৃজলা বারবার তাঁর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকি সৃজলার বর্তমান সম্পর্ক নিয়েও মন্তব্য করেছিলেন জীতু। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকায় এবার তীব্র অভিমান প্রকাশ করেছেন জীতু।

সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই জীতুর আচরণে ভিন্ন রূপ দেখা যায়। রাগ ও অভিমানে তিনি ঘরের মেঝেতেই শুয়ে পড়েন, খাওয়া-দাওয়া বন্ধ করে দেন এবং কারও সঙ্গে কথা বলা থেকে বিরত থাকেন। জীতুর এমন অবস্থায় ভেঙে পড়েন সৃজলা। কান্নায় ভেঙে পড়ে তিনি জীতুকে জানান, তাঁকে ছাড়া চলা তাঁর পক্ষে সম্ভব নয় এবং এই ঘরে যতটুকু ভালো আছেন, তা জীতুর জন্যই।

সৃজলার কান্না সত্ত্বেও নিজের অবস্থানে অনড় থাকেন জীতু। অভিমানের সুরে তিনি মন্তব্য করেন, মানুষ গরু-ছাগলকেও আদর করে কিন্তু ঘরে তোলে না, আর সৃজলার অগ্রাধিকার কখন বদলে যায় তা তিনি বুঝতে পারেন না। জবাবে সৃজলা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত জীতুই তাঁর অগ্রাধিকার। তবে জীতু স্পষ্ট জানান যে সৃজলাকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অসহায়ভাবে সৃজলা কী করণীয় জানতে চাইলে জীতু বলেন, তিনি অনেক কথা বলেছেন এবং নিজের সীমা ছাড়িয়ে গেছেন, তাই আর কোনো সমাধান দেখছেন না।

পরিস্থিতি সামলাতে না পেরে কনফেশন রুমে যান সৃজলা এবং বিগ বসের সামনে নিজের মনের কথা খুলে বলেন। তিনি স্পষ্ট করেন যে জীতুকে তিনি ভালোবাসেন ঠিকই, তবে তা নিছকই বন্ধু হিসেবে এবং তাঁর যত্ন নেন। বাইরের একজনের প্রসঙ্গ টেনে সৃজলা জানান, তাঁদের মধ্যে অনেক সমস্যা রয়েছে এবং ভবিষ্যৎ অনিশ্চিত, তাই তিনি জীতুকে কোনো মিথ্যা আশা দিতে চান না। সৃজলার মতে, জীতু তাঁকে গভীরভাবে ভালোবাসলেও সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জায়গায় তিনি নেই। আবার সরাসরি প্রত্যাখ্যান করলে জীতু নিজের কোনো ক্ষতি করতে পারেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন সৃজলা।

সব কথা শোনার পর বিগ বস জানান, কারও ব্যক্তিগত বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না। তবে সারাক্ষণ জীতুর পেছনে না ঘুরে ঘরের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন বিগ বস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *