‘টনিক ২’ পিছিয়ে ক্রিসমাসে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’! টিজারে চমক দেবের

সিনেমার শুটিং আগেই শেষ হয়ে গেলেও এখনও মুক্তির দিন ঘোষণা হয়নি; কথা ছিল ক্রিসমাসে মুক্তি পাবে দেব অভিনীত ‘টনিক ২’। তবে সেই ছবির মুক্তির দিন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তার বদলে ক্রিসমাসে আসতে চলেছে দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। নন্দী মুভিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায়, বিনয় এম মুদগিলের পরিচালনায় এবং দেবের অভিনয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। বাস্তব ঘটনার ছোঁয়া থাকা এই ছবিটি তৈরি হয়েছে করিমুল হকের জীবনকে ঘিরে।
পর্দায় ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র গল্প সময়মতো চিকিৎসার সুযোগ না পাওয়ায় নিজের মাকে হারিয়েছিলেন করিমুল হক। সেই ঘটনাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং ব্যক্তিগত শোকই একদিন হয়ে ওঠে তাঁর নতুন উদ্দেশ্য। আর কোনও মানুষের যেন একই পরিণতি না হয়, সেই সংকল্প নিয়েই শুরু হয় তাঁর জীবন বাঁচানোর লড়াই। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের কাছে তাঁর মোটরবাইকই হয়ে ওঠে জীবনরক্ষার অন্যতম ভরসা। নিঃস্বার্থ সেবা ও মানবিকতার এই দৃষ্টান্ত তাঁকে এনে দিয়েছে পদ্মশ্রী সম্মান।
বাস্তব জীবনের সেই নায়ক করিমুল হকের ভূমিকায় পর্দায় দেখা যাবে দেবকে। দেব ছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, খরাজ মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, লোকনাথ দে, প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রাশিস রায়, সৈরিতি বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য শিল্পীরা।
নন্দী মুভিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন গুরুপদ অধিকারী, প্রদীপ কুমার নন্দী ও দেব অধিকারী। ছবির পরিচালক বিনয় এম মুদগিল এবং ক্রিয়েটিভ ডিরেক্টর দেব অধিকারী। গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিনয় এম মুদগিল, সংলাপ রোহিত সৌম্যের। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড় (আইএসসি) এবং সম্পাদনায় মহম্মদ কালাম। সংগীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য ও তমালিকা গোলদার; আবহসংগীতের দায়িত্বে রয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।
একই দিনে মুখোমুখি তিন ছবি আগামী ২৪ ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসেই মুক্তি পাচ্ছে পরিচালক সুমন ঘোষের নতুন ছবি ‘ফ্যামিলিওয়ালা’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে নন্দিতা রায় ও নিজের বাইরে অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করছেন শিবপ্রসাদ। তাঁর পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীসহ আরও অনেকে।
একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি ‘কিংগ’। ফলে বছরের শেষে বক্স অফিসে মুখোমুখি হচ্ছে তিনটি ছবি—যা সাম্প্রতিক বছরগুলিতে প্রায়ই দেখা যাচ্ছে। শাহরুখের ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেলে বাংলা ছবির স্বার্থরক্ষা হবে কি না, তা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে।