সৌরভ দাসকে ৭ দিনের শোকজ নোটিস! জারি পাসপোর্ট ব্যবহারে নিষেধাজ্ঞাও

জন্মস্থান সংক্রান্ত তথ্যের বিষয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে হবে ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসকে। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হয়েছে। পাশাপাশি জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে। বুধবার এই তথ্য জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রণধীর জয়সওয়াল জানান, গত ২৩ নভেম্বর সৌরভ দাসকে কারণ দর্শানোর নোটিস পাঠায় চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস। তাঁর কথায়, পাসপোর্টের আবেদন করার সময় প্রত্যেককে সঠিক তথ্য দিতে হয়। কোনো আবেদনকারীর দেওয়া তথ্যে অসঙ্গতি থাকলে বা তথ্য গোপনের অভিযোগ উঠলে তাঁর কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠানো হয় এবং সৌরভের ক্ষেত্রেও তেমনই অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের এই বক্তব্যের পরই সৌরভের দিল্লি বিমানবন্দরে আটকে পড়ার অভিযোগ নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছিলেন, সোমবার রাতে লন্ডন যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন এবং রাত ১টার বিমানে ওঠার কথা ছিল, কিন্তু বিমানে ওঠার আগেই অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকে দেন এবং জানান যে তাঁর পাসপোর্টে সতর্কতামূলক চিহ্ন রয়েছে।

পিটিআইকে সৌরভ জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত একটি প্যানেল আলোচনায় যোগ দিতে ব্রিটেনে যাচ্ছিলেন তিনি, যেখানে ককরোচ মুভমেন্ট নিয়ে বক্তব্য রাখার কথা ছিল। অক্সফোর্ড ছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকেও বক্তব্য রাখার আমন্ত্রণ পাওয়ার দাবি করেছিলেন তিনি। এক্সে পোস্ট করে এই ঘটনার জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করে রাজনৈতিক কারণে বিদেশযাত্রা আটকানোর অভিযোগ তুলেছিলেন সৌরভ। তবে বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, পাসপোর্ট সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁকে এবং সেই ব্যাখ্যার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *