প্রকৃতি, ভাস্কর্য ও জীবনানন্দের ছোঁয়া! শান্তিনিকেতনে শুরু ৪০ দিনের আন্তর্জাতিক শিল্প উৎসব

কবি জীবনানন্দ দাশের ‘বনলতা’র ভাবনায় শান্তিনিকেতনে শুরু হলো বেঙ্গল বিনালের দ্বিতীয় সংস্করণ। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের প্রায় ১৩টি দেশের প্রখ্যাত শিল্পীরা এই আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে শুরু হওয়া এবারের বেঙ্গল বিনালের অন্যতম প্রধান আকর্ষণ সদ্যপ্রয়াত শিল্পী যোগেন চৌধুরীর আঁকা চিত্র প্রদর্শনী এবং প্রকৃতির মাঝে গড়ে ওঠা ‘ভাস্কর্য উদ্যান’। এই প্রথমবার ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া বিশ্বভারতীর কলাভবন ও নন্দন আর্ট গ্যালারিতেও বেঙ্গল বিনালের প্রদর্শনী হচ্ছে। ৪০ দিনব্যাপী এই আয়োজনে শিল্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে আলোচনা সভা ও কর্মশালা।

কী বলছেন শিল্পী ও কিউরেটর? প্রখ্যাত শিল্পী কে এস রাধাকৃষ্ণন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এমন একটি শিল্প উৎসব হওয়াটাই কাম্য। যে কলাভবনে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ এবং কে জি সুব্রহ্মণিয়ামের মতো কিংবদন্তি শিল্পীদের কাজ ছড়িয়ে রয়েছে, তার মাঝে এমন প্রদর্শনী বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। তাঁর কথায়, এর ফলে শিল্পের প্রসার ও শিল্পচর্চা বাড়বে, আর দেশ-বিদেশের শিল্পীদের কাজ এক ছাদের নিচে দেখে পড়ুয়া ও শিল্পপ্রেমীরা অনেক কিছু শিখতে পারবেন।

বেঙ্গল বিনালের কো-কিউরেটর তথা শিল্পী ঋতিকা বিশ্বাস জানান, ৪০ দিন ধরে চলা এই উৎসবে প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি পরিবেশবান্ধব কাজও স্থান পেয়েছে। কলাভবনে প্রকৃতির মাঝে এই ধরনের প্রদর্শনী প্রথমবার হওয়ায় এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি। শান্তিনিকেতনের প্রকৃতি, ইতিহাস ও শিল্পের মেলবন্ধনে শুরু হওয়া এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং দর্শকরা বিনামূল্যে তা দেখতে পারবেন।

কোন কোন জায়গায় কী থাকছে? এই প্রথম বিশ্বভারতীর কলাভবন ও নন্দন আর্ট গ্যালারিতে বেঙ্গল বিনালের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এবারের থিম রবীন্দ্র-পরবর্তী যুগের কবি জীবনানন্দ দাশের ‘বনলতা’। সঙ্গীত-কলা ভবনের পিছনে প্রকৃতির মাঝে তৈরি হয়েছে ‘ভাস্কর্য উদ্যান’, যেখানে প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের ভাস্কর্যগুলির প্রতিলিপি প্রদর্শিত হচ্ছে।

কলাভবনের নন্দন আর্ট গ্যালারির পাশাপাশি সদ্যপ্রয়াত শিল্পী যোগেন চৌধুরীর আঁকা চিত্র প্রদর্শনী চলছে তাঁর প্রতিষ্ঠিত ‘স্বাদ’ আর্ট গ্যালারিতে। এছাড়া তুকারোন, আর্থশীলা, কৃত্তিকা এবং শিল্পী সোমনাথ হোড় স্টুডিওতেও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দেশ-বিদেশের ১০০-র বেশি শিল্পী এই বেঙ্গল বিনালেতে অন্তত ১০০ জন প্রথিতযশা শিল্পী অংশ নিয়েছেন। ভারতের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পাশাপাশি আমেরিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস, জার্মানি, স্লোভেনিয়া, জাপান ও কোরিয়াসহ প্রায় ১৩টি দেশের শিল্পী এবং প্রবাসী ভারতীয় শিল্পীরা এতে যুক্ত হয়েছেন। প্রদর্শনীতে যোগেন চৌধুরী, জিতিশ কল্লাট, শিল্পা গুপ্ত, পরেশ মাইতি ও অমল কে পাটিলের মতো শিল্পীদের কাজ স্থান পেয়েছে।

ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর কলাভবনে বেঙ্গল বিনালের উদ্বোধনী অনুষ্ঠানে ঋতিকা বিশ্বাস, জয়শ্রী বর্মন, পঙ্কজ পানওয়ার, উইলিয়াম ডে রুইজ, পরেশ মাইতি, কে এস রাধাকৃষ্ণন এবং তেজল শাহসহ বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *