২০০৮-এর চেয়েও বড় মহামন্দার আশঙ্কা! সোনা-রুপো ও ক্রিপ্টো নিয়ে কী পরামর্শ কিয়োসাকির?

বেস্টসেলিং বই ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক এবং বিশিষ্ট বিনিয়োগকারী রবার্ট কিয়োসাকি ফের বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন। এর আগে ২০০৮ সালের মন্দার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। এবার কিয়োসাকি দাবি করেছেন, আগামী দিনে ২০০৮ সালের আর্থিক মন্দার থেকেও বড় বৈশ্বিক মহামন্দা দেখা দিতে পারে।

এই পরিস্থিতিতে ইটিএফ বা নগদ টাকা ধরে রাখা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বরং আসল সোনা, রুপো, বিটকয়েন এবং ইথেরিয়াম কেনার পরামর্শ দিয়েছেন কিয়োসাকি। তাঁর মতে, বিশ্ব অর্থনীতি এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে প্রচলিত বিনিয়োগের পাশাপাশি বিকল্প সম্পদও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

২০০৮ সালের প্রসঙ্গ টেনে কিয়োসাকি বলেছেন, ২০০৮ সালে সিএনএন-এ উলফ ব্লিৎজারের সঙ্গে তাঁর সাক্ষাৎকারটি দেখলে বোঝা যাবে যে তিনি সেই সময়ই আমেরিকার অন্যতম পুরনো ব্যাঙ্ক লেহম্যান ব্রাদার্সের দেউলিয়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে সত্যি হয়। তাঁর মতে, আসন্ন পরিস্থিতি ২০০৮ সালের আর্থিক মন্দার থেকেও বেশি বিপজ্জনক হতে পারে। তবে এটি কিয়োসাকির ব্যক্তিগত অর্থনৈতিক মতামত ও আশঙ্কা; ভবিষ্যতে এমন সংকট ঘটবেই—এমন কোনও নিশ্চিত পূর্বাভাস হিসেবে এটিকে দেখা উচিত নয়।

আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ বা ফেড এবং ব্ল্যাকরকের মতো বড় বিনিয়োগ সংস্থাগুলির বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, এই বড় প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষেরই টাকা ব্যবহার করে তাঁদের সম্পদ কেড়ে নিচ্ছে।

পাশাপাশি সরকার ও আমলাদেরও নিশানা করেছেন কিয়োসাকি। তাঁর দাবি, ট্রেজারি দফতরের আধিকারিক এবং নেতারা শুধু নিজেদের পদ ও নিজেদের স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত। সাধারণ মানুষের চাকরি, পরিবার বা অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিয়ে তাঁদের কোনও চিন্তা নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *