পুরাতন মালদা পুরসভায় বড় দলবদলের ইঙ্গিত! ১৩ কাউন্সিলর নিয়ে কী ভাবছেন চেয়ারম্যান?

গৌড়বঙ্গের রাজনীতিতে কি আরও এক পালাবদল দেখা দিতে চলেছে? রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ইংরেজবাজার পুরসভা ইতিমধ্যেই বিজেপির দখলে। এবার কি সেই একই পরিণতি হতে চলেছে পুরাতন মালদা পুরসভার? খোদ পুরসভার চেয়ারম্যানের মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
চেয়ারম্যান জানিয়েছেন, এতদিন তৃণমূলে থাকা ১৩ জন কাউন্সিলর একত্রে কোনও জাতীয় দলে যোগ দেওয়ার কথা ভাবছেন। শুধু তাই নয়, কংগ্রেস তাঁদের দলে যোগ দেওয়ার কথা বলেছে বলেও দাবি করেছেন তিনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শেষমেশ হয়তো হাত খালিই থেকে যেতে পারে এবং একদা তৃণমূলে থাকা কাউন্সিলররা বিজেপি শিবিরেই যোগ দেবেন।
এর আগে ইংরেজবাজার পুরসভায় তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন ১১ জন কাউন্সিলর। তাঁরা এখন কোনও রাজনৈতিক দলে যোগ না দিলেও পুরসভার তিন বিজেপি কাউন্সিলরকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। ওই তিন বিজেপি কাউন্সিলরের একজন পুরসভার চেয়ারম্যানের আসনে এবং বাকিরা চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য হিসেবে রয়েছেন। ফলে আগামী দিনে এই পুরসভার রাজনৈতিক সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে।
অন্যদিকে, এতদিন পর্যন্ত মহানন্দার অন্য পাড়ে থাকা পুরাতন মালদা পুরসভার বোর্ড অক্ষুণ্ণ ছিল। বিধানসভা ভোটের পর নানা জল্পনা শোনা গেলেও এখনও পর্যন্ত সেই বোর্ড তৃণমূলেরই দখলে রয়েছে। কিন্তু এবার সেই বোর্ড কতদিন টিকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। চেয়ারম্যানের মন্তব্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের চর্চা। দলীয় ১৩ জন কাউন্সিলরকে নিয়ে দ্রুত দলবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিধানসভা ভোটের মুখে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক ঘোষকে। তৎকালীন তৃণমূল নেতৃত্বের নির্দেশে সেই চেয়ারে বসেন তাঁর কাকা বিভূতিভূষণ ঘোষ। সেই সময় থেকেই কাকা-ভাইপোর দ্বন্দ্বের ফাটল চওড়া হতে শুরু করে। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে কার্তিকবাবুর অনুগামীরা জানিয়েছিলেন, অন্তত ন’জন কাউন্সিলর নিয়ে তাঁরা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সেই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি এবং বোর্ডেরও পতন ঘটেনি। তবে এবার খোদ চেয়ারম্যানের কথায় শহরজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিভূতিভূষণ ঘোষ বলেন, “যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা দলীয় কাউন্সিলররা নিজেদের মধ্যে মাঝেমধ্যেই আলোচনা করি। আগামিদিনে কোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে, কী সিদ্ধান্ত নেওয়া যাবে তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আগামীতে আমাদের পদক্ষেপ কী হবে তা নিয়ে এখনও আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। আমরা যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলাম তার কোনও অস্তিত্ব এখন কার্যত নেই। সেই দলের স্থানীয় কিংবা জেলাস্তরে কোনও নেতা বা নেত্রী নেই। এসব চিন্তাভাবনা মাথায় রেখে আমরা আগামীতে সবাই আলোচনার মাধ্যমে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। ডিসেম্বর মাসেই আমরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় বসব।”
তিনি আরও বলেন, “এখন আমাদের দেশে জাতীয় দল দুটো—জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। আমরা কোনও একটি জাতীয় দলকে সামনে রেখেই নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। ১৯৮২ সাল থেকে পুরাতন মালদা পুরসভা আমাদের দখলে। সেই ক্ষমতা আগামীতেও কীভাবে ধরে রাখতে পারি তার উপরেই আমাদের সিদ্ধান্ত নির্ভর করবে। ইতিমধ্যে জাতীয় কংগ্রেস থেকে আমাদের কাছে দু’বার সেই দলে যোগদানের আমন্ত্রণ এসেছে। আমরা তাদের বলেছি, সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেই আমরা সেই অনুযায়ী পদক্ষেপ করব। বর্তমানে আমাদের সঙ্গে ১৩ জন দলীয় কাউন্সিলর রয়েছে। আমার ধারণা, আগামীতে আমাদের দলের কাউন্সিলররা সবাই আমাদের সঙ্গে থাকবেন।”