‘স্যার, ভুল হয়ে গেছে’—এনকাউন্টারে পায়ে গুলি লেগে কান্নায় ভেঙে পড়ল মিরাট কাণ্ডের অভিযুক্ত!

মিরাটের বহুচর্চিত হোটেল কাণ্ডে অবশেষে বড়সড় সাফল্য পেল যোগী আদিত্যনাথের পুলিশ। এক তরুণীকে হোটেলের ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত মূল আসামি মহম্মদ সলমনকে (২৯) বুধবার একটি পুলিশি এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে।

পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে সলমনের পায়ে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়। গ্রেফতারির পরপরই অভিযুক্তের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ও কান্নায় ভেঙে পড়ে পুলিশের কাছে প্রাণভিক্ষা ও ক্ষমা চাইছে সে। সলমনকে বারবার বলতে শোনা যায়, “স্যার, আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন ভুল করব না।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয়েছিল গত সোমবার। অভিযোগ, গাজিয়াবাদের বাসিন্দা ২৪ বছর বয়সী এক তরুণীকে মিরাটের সদর বাজার থানা এলাকার আবু লেন বাজারের ‘হোটেল স্কোয়ার’-এ নিয়ে গিয়ে আটকে রেখেছিল পূর্বপরিচিত সলমন। টানা দুই দিন ধরে ওই তরুণীকে হোটেলের ঘরে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং বিয়ের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।

মঙ্গলবার দুপুরে কোনোভাবে সলমনের নজর এড়িয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে ব্যস্ত আবু লেন রাস্তায় ছুটে আসেন ওই তরুণী এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। সেই সময় সলমন পেছন থেকে ধাওয়া করে প্রকাশ্য রাস্তায় তরুণীর চুলের মুঠি ধরে মারধর করে এবং টেনেহিঁচড়ে ফের হোটেলের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুরো ঘটনাটি রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রকাশ্য দিবালোকে একজন নারীর ওপর এমন বর্বরোচিত আচরণের দৃশ্য দেখে গোটা দেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

পথচারীরা এগিয়ে এলে এবং পুলিশে খবর দিলে ছাদ টপকে পালিয়ে যায় সলমন। এরপরই মিরাটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিবিজিটিএস মূর্তির নির্দেশে অভিযুক্তকে ধরতে বিশেষ দল গঠন করা হয় এবং প্রমাণ সংরক্ষণের স্বার্থে হোটেলটি সিল করে দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) গোপন সূত্রে লোহিয়া নগর থানার পুলিশ খবর পায় যে, নারহেদা গ্রামের কাছে একটি নির্মীয়মাণ আন্ডারপাসের পাশে লুকিয়ে রয়েছে সলমন। খবর পেয়েই লোহিয়া নগর ও সদর বাজার থানার যৌথ দল ওই এলাকা ঘিরে ফেলে।

পুলিশকে দেখে আত্মসমর্পণ করার বদলে সলমন পুলিশ লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালালে সলমনের পায়ে গুলি লাগে। এরপর সে একটি সেতুতে উঠে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে গিয়ে আরও চোট পায়। ঘটনাস্থল থেকে একটি অবৈধ দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

আহত অবস্থায় সলমনকে গ্রেফতার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারির পর পুলিশি হেফাজতে কাঁদতে কাঁদতে তার ক্ষমা চাওয়ার ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, সলমনের বিরুদ্ধে রোহতা, মিরাট ও গাজিয়াবাদের বিভিন্ন থানায় আগে থেকেই একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের চেষ্টা এবং তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *