স্কুটারে এসে এলোপাথাড়ি কোপ ও গুলি! পুণের আদালতে হাজিরা দিতে গিয়ে মৃত্যুর মুখে যুবক

পুণের আদালতে হাজিরা দিতে এসেছিলেন খুনের মামলার এক আসামি। কিন্তু আদালত চত্বরের বাইরেই আচমকা দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, শিবাজিনগর আদালত চত্বরের বাইরে মন্দার মারুতি কিওয়ালে নামে ওই যুবককে এলোপাথাড়ি কোপাচ্ছে দুই দুষ্কৃতী।

হামলার পরপরই দু’টি স্কুটারে চেপে পালিয়ে যায় হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করেন কিওয়ালে। পরে আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি হাত কাটা অবস্থায় ফুটপাতে পড়ে কাতরাচ্ছেন তিনি। চারপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন পথচারীরা।

জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের এপ্রিল মাসে পুণের সন্তোষনগর কাটরাজ এলাকায় জমি ও টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরে শুভম সুভাষ চবন নামে এক রেস্তোরাঁ মালিক খুন হন। সেই মামলাতেই জেল খাটছিলেন কিওয়ালে। অভিযোগ, কিওয়ালে এবং তাঁর সঙ্গীরা স্টাম্প ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মেরেছিলেন চবনকে।

ওই ঘটনায় মূল অভিযুক্ত অমর সাকোরে এবং তাঁর দুই সঙ্গী গিরিশ সুভাষ বাবরে ও যোগেশ বাবাউরাও দোরের সঙ্গে কিওয়ালেকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র চার দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। মামলার কাজে এদিন আদালতে এলে বাইরেই তাঁর ওপর চড়াও হয় হামলাকারীরা।

ঘটনাটি নিয়ে পুণের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার। গোটা বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি এবং হামলাকারীদের দ্রুত পাকড়াও করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *