ওয়ার্ড পুনর্বিন্যাসে পুর প্রশাসকের ক্ষমতা নিয়ে প্রশ্ন! পুরভোট মামলায় বাড়ছে চাপ

কলকাতায় পুর নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। আগামী সোমবার এই পুর নির্বাচন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে। মামলাটির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এই প্রাথমিক প্রস্তাবে একমত নয় রাজ্য সরকার। রাজ্যের তরফে এই প্রস্তাবে আপত্তি জানানো হয়েছে এবং দাবি করা হয়েছে, মামলাটির নিষ্পত্তি যেন সুপ্রিম কোর্টেই করা হয়। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
অন্যদিকে, মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর যে প্রাথমিক প্রস্তাব সুপ্রিম কোর্ট দিয়েছে, তাতে সায় রয়েছে বাম ও তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের। সুপ্রিম কোর্টের বক্তব্য, পুরো প্রক্রিয়াটি যাতে দ্রুত শেষ করা যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ; কারণ প্রক্রিয়া দ্রুত শেষ হলেই দ্রুত পুর নির্বাচন সম্ভব হবে। এই প্রেক্ষাপটে আগামী সোমবার শীর্ষ আদালতের প্রস্তাবের উপর নিজেদের মতামত জানানোর সুযোগ পাবে রাজ্য।
প্রসঙ্গত, এর আগেও কলকাতা পুর নির্বাচন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের একাধিক কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সে সময় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, পুরসভার বোর্ড ভেঙে গিয়ে মেয়র বা মেয়র পারিষদ না থাকা অবস্থায় কীভাবে একজন পুর প্রশাসক ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন। সেই সময়ে পুর প্রশাসকের ক্ষমতার পরিধি নিয়েও প্রশ্ন তুলেছিল দেশের সর্বোচ্চ আদালত।
এখানেই শেষ নয়; ওয়ার্ড পুনর্বিন্যাসে আপত্তি জানানোর জন্য কেন মাত্র ৭ দিন সময় দেওয়া হয়েছিল, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, কলকাতা পুরসভায় যেহেতু সেই মুহূর্তে কোনও পুরবোর্ড ছিল না, তাই ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার যৌক্তিকতা এবং পুর প্রশাসকের সেই ক্ষমতা থাকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।