পরোটার ধাবা থেকে আলট্রা ম্যারাথনের ট্র্যাক! দয়ানন্দ সিধুর জীবনকাহিনিতে কুর্নিশ সবার

হরিয়ানার মুরথলে গত ৩৫ বছর ধরে বিখ্যাত ‘পেহলওয়ান ধাবা’ চালাচ্ছেন দয়ানন্দ সিধু। তাঁর ধাবার পরোটার অসংখ্য অনুরাগী রয়েছেন। কিন্তু পরোটার কারবার সামলানোর পাশাপাশি দয়ানন্দ সিধু নিজেও ম্যারাথন দৌড়তে ভালোবাসেন। হরিয়ানার প্রাক্তন ডিজিপি ওপি সিং একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দয়ানন্দ নিজেই নিজের জীবনের গল্প তুলে ধরেছেন।
প্রাক্তন ডিজিপি ওপি সিং জানিয়েছেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি দয়ানন্দ সিধু। গত ৩৫ বছর ধরে মুরথলে পেহলওয়ান ধাবা পরিচালনা করছেন তিনি। সারা দেশে বিভিন্ন ম্যারাথনে দৌড়নোর শখ রয়েছে তাঁর। সম্প্রতি চণ্ডীগড়ে ৪২ কিলোমিটারের ম্যারাথনে অংশ নিয়ে চার ঘণ্টা ১৯ মিনিটে দৌড় শেষ করেছেন দয়ানন্দ। তাঁর লক্ষ্য, আগামী দিনে সাড়ে তিন ঘণ্টার মধ্যে ৪২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা।
দয়ানন্দের কথায়, ছোটবেলা থেকেই খেলাধুলার জগতে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল তাঁর। খেলার প্রতি গভীর টান থাকলেও সে সময় সুযোগ পাননি। এখন সুযোগ পেয়েছেন, তাই দৌড় শুরু করেছেন। আগামী ২৯ নভেম্বর মুসৌরিতে আলট্রা ম্যারাথনে অংশ নেবেন তিনি। শিমলায় হাফ ম্যারাথনে দৌড়নোর মাধ্যমেই তাঁর এই যাত্রার সূচনা হয়েছিল বলে জানিয়েছেন দয়ানন্দ।
প্রশংসায় ভাসছেন নেটপাড়ায় ওপি সিং এক্স-এ দয়ানন্দ সিধুর ভিডিওটি পোস্ট করার পর থেকেই বহু মানুষ মন্তব্য করে তাঁর প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন, এই মানুষটিকে আমাদের ‘জেন্টলম্যান’ বলা উচিত। আরেকজনের মন্তব্য, এটি অসাধারণ এবং নিজের শখ পূরণের ক্ষেত্রে বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায় না।
কোথায় রয়েছে পেহলওয়ান ধাবা? হরিয়ানার সোনিপত জেলার মুরথল ধাবার জন্য বিশেষভাবে পরিচিত। এখানে অসংখ্য ধাবা রয়েছে, যেখানে পরোটা খেতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। ১৯৭০ সালে পরস রাম সিদ্ধ পেহলওয়ান ধাবা চালু করেছিলেন। এখানে সবজি-রুটি, ডাল-ভাত এবং পরোটা পাওয়া যায়। প্রায় ৬০ বছর আগে একটি ছাউনি দিয়ে এই ধাবার পথচলা শুরু হয়েছিল। পরের দিকে সিধু পেহলওয়ান ধাবার পরিধি বাড়ানো হয় এবং বর্তমানে মুরথলে এই ধাবা সচল রয়েছে।