ধর্ষণের পর এ বার গণধর্ষণ, পরেশরামের বিরুদ্ধে নতুন অভিযোগে তোলপাড়

ধর্ষণের অভিযোগের পর এবার গণধর্ষণের অভিযোগ উঠল জেলবন্দি বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশরাম দাস-সহ মোট আট জনের বিরুদ্ধে ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা।

নির্যাতিতার অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে এই ঘটনা ঘটেছিল। তিনি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন এবং মনোনয়ন জমা দেওয়ার সময় পরেশরাম ও তাঁর অনুগামীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে দাবি করেছেন ওই মহিলা।

এর আগে গত ৯ নভেম্বর ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিধায়ক পরেশরাম দাসকে। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় এবং সে সময় তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছিল বলে খবর। এ ছাড়া ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই অশান্তি, খুনের চেষ্টা এবং অস্ত্র আইন-সহ মোট ৩২টি মামলায় তাঁর নাম জড়িয়েছে। রাজনৈতিক হিংসার ঘটনায় সিআইডি-ও তাঁকে তলব করেছিল। ভবানী ভবনে হাজিরা দেওয়ার পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, পরেশরামের গ্রেফতারির সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, পরেশরাম যতদিন অন্য শিবিরে ছিলেন, ততদিন পুলিশ কোনও পদক্ষেপ করেনি; সম্প্রতি তিনি পুরনো শিবিরে ফিরতে চেয়েছিলেন, আর ঠিক তখনই পালানোর অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতারির পর পরেশরাম দাবি করেছেন, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *