‘ওরাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে!’ কাঁকিনাড়ার দেব দীপাবলিতে প্রাক্তন শাসককে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

একসময় এখানে ‘জয় শ্রীরাম’ বলায় তৎকালীন মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়েছিলেন এবং সেই স্লোগানকে তিরস্কার করেছিলেন—কিন্তু এখন তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দেব দীপাবলির অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “দেব দীপাবলির মধ্যে দিয়ে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সবটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে। একদিন কালী ঠাকুরকে ওরা প্রিজন ভ্যানে তুলেছিল, ওই জন্য মহালয়ার দিন ওঁনাকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আমরা এক এবং সবাই সনাতনী। কিছু মানুষ ভাষা, ধর্ম ও রাজনৈতিক ভেদাভেদ তুলে আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। সেটা হতে দেওয়া যাবে না।”
মুখ্যমন্ত্রী হয়ে ফের কাঁকিনাড়ায় গত বছরও দেব দীপাবলি উপলক্ষে কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে সময় এলাকার বহু মহিলা তাঁকে বলেছিলেন, পরের বছর যেন তিনি মুখ্যমন্ত্রী হয়েই এখানে আসেন; সেই প্রার্থনায় তাঁর নামে প্রদীপও জ্বালিয়েছিলেন স্থানীয় মহিলারা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই কথা রাখলেন তিনি।
গঙ্গা আরতি, লেজার শো ও আতশবাজি রাজ্যে পালাবদলের পর এবার মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার দেব দীপাবলি পালন করতে কাঁকিনাড়ায় আসেন শুভেন্দু অধিকারী। ঘাটে পৌঁছে দেব দীপাবলিতে গঙ্গা আরতির শুভ সূচনা করেন তিনি এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি বিধায়কদের সঙ্গে বসে আরতি দর্শন করেন। এদিন গঙ্গা আরতির পাশাপাশি গঙ্গাবক্ষে লেজার শো এবং আতশবাজি প্রদর্শনীরও আয়োজন করা হয়।
ঐক্যের আহ্বান ও দশ হাজার প্রদীপ দেব দীপাবলির এই অনুষ্ঠানে যোগ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা সবাই ভারতীয়, ভারত মাতার সন্তান। সবাই সজাগ ও সচেতন থেকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে কোনও শক্তিই আমাদের ঐক্য ভেঙে দিতে না পারে।”
মঙ্গলবার বিশেষ এই দিন উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া গঙ্গার ঘাট সেজে উঠেছিল দশ হাজার প্রদীপে। কথিত রয়েছে, দেব দীপাবলিতে স্বয়ং দেবতারা গঙ্গার ঘাটে এসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করেন; সেই বিশ্বাসকে স্মরণে রেখেই প্রতি বছর মহা সমারোহে দেব দীপাবলি উদযাপন করেন কাঁকিনাড়ার বাসিন্দারা, যার ব্যতিক্রম ঘটেনি এদিনও।