কনফার্ম টিকিটে ৫৪ নম্বর বার্থ, কিন্তু কামরায় আসন মাত্র ৫২টি! ট্রেনে উঠে তাজ্জব যাত্রী

ট্রেনের টিকিট কনফার্ম। কামরার নম্বরও স্পষ্ট লেখা রয়েছে। কিন্তু নির্দিষ্ট কামরায় উঠে নিজের বার্থ খুঁজতে গিয়ে চোখ কপালে উঠল এক যাত্রীর। টিকিটে তাঁর আসন নম্বর ৫৪, অথচ সংশ্লিষ্ট কামরায় রয়েছে মাত্র ৫২টি বার্থ। এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ঈশান বাজপেয়ী নামে এক যাত্রী। বিষয়টি সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে রেল কর্তৃপক্ষও।
টিকিটে A1/54, কিন্তু কামরায় বার্থ ৫২টিঈশান বাজপেয়ী ১৫১৩২ নম্বর ট্রেনে যাত্রা করছিলেন। এই ট্রেন বারাণসী সিটি থেকে গোরক্ষপুরের দিকে যায়। তাঁর টিকিটে A1 কামরার ৫৪ নম্বর সাইড আপার বার্থ (SU) কনফার্ম হয়েছিল। কিন্তু ট্রেনে উঠে A1 কামরায় নিজের আসন খুঁজতে গিয়ে তিনি দেখেন, সেখানে বার্থের সংখ্যা ৫২টি। অর্থাৎ টিকিটে যে ৫৪ নম্বর বার্থের উল্লেখ রয়েছে, সেটি কামরায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাঁর দাবি।
এই ঘটনার একটি ভিডিও এবং টিকিটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঈশান। তাঁর বক্তব্য, রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে। রাতের যাত্রায় কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও নিজের নির্দিষ্ট আসন খুঁজে না পাওয়ায় ভোগান্তিতে পড়েন তিনি। ইতিমধ্যেই ১৩৯ নম্বর রেলওয়ে হেল্পলাইনে অভিযোগ জানান বলেও জানিয়েছেন ওই যাত্রী।
অভিযোগ পেয়ে কী জানাল রেল?ঈশানের পোস্টে রেলওয়ে সেবা এবং রেল মন্ত্রককে ট্যাগ করা হয়েছিল। অভিযোগের জবাবে রেলওয়ে সেবা জানায়, বিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। যাত্রীর অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ব্যক্তিগতভাবে পাঠানোর অনুরোধও করা হয়।
পাশাপাশি যাত্রী চাইলে রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন অথবা ১৩৯ নম্বরে যোগাযোগ করতে পারেন বলেও জানানো হয়। বিষয়টি বারাণসীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছেও পাঠানো হয়েছে বলে পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শুরু কটাক্ষঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ প্রশ্ন তুলেছেন, মাত্র ৫২টি বার্থ থাকা কামরায় কীভাবে ৫৪ নম্বর আসন বরাদ্দ হল? আবার কেউ ব্যঙ্গ করে জানতে চেয়েছেন, যাত্রী টয়লেটের ভেতরে বা অন্য কোথাও ৫৪ নম্বর বার্থ খুঁজেছেন কি না।
এই ভুলের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। রেলের টিকিট বরাদ্দ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনও কারণে এমন ঘটনা ঘটেছে, তা কর্তৃপক্ষের তরফে এখনও জানানো হয়নি।