IOA সভাপতি পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন পিটি ঊষা! ত্রিমুখী লড়াইয়ে গগন-বীরেন্দ্র-রাজীব

ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) সভাপতি পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিদায়ী প্রধান পিটি ঊষা। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও তিনি নাম নথিভুক্ত করেননি। ফলে আগামী ৫ ডিসেম্বরের নির্বাচনে শীর্ষ পদের দৌড়ে আপাতত ত্রিমুখী লড়াই হতে চলেছে। অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাংয়ের মুখোমুখি হচ্ছেন বিজেপি নেতা তথা তিরন্দাজি সংস্থার সচিব বীরেন্দ্র সচদেব এবং আইওএ-র প্রাক্তন সচিব ও ফেন্সিং সংস্থার বর্তমান সচিব রাজীব মেহতা।
চার বছর অন্তর হওয়া এই নির্বাচনে সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, দুই সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, দুই যুগ্ম সচিব এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ভোট গ্রহণ হবে। এবার রিটার্নিং অফিসারের স্ক্রুটিনির পালা, আর নাম প্রত্যাহারের শেষ দিন ২ ডিসেম্বর। চলতি মাসের শুরুতে ‘স্পোর্টসপার্সনস অব আউটস্ট্যান্ডিং মেরিট’ (SOM) কোটায় সাধারণ সভায় নির্বাচিত আট ক্রীড়াবিদের তালিকায় জায়গা পাননি পিটি ঊষা। যদিও পরে আইস হকি ফেডারেশন অফ ইন্ডিয়া তাঁকে মনোনীত করে। উল্লেখ্য, ওই নির্বাচনের আগে ১৩ জন ক্রীড়াবিদ নাম তুলে নিয়েছিলেন; স্বেচ্ছায় নয়, বরং চাপের মুখে সরে দাঁড়াতে হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন কয়েকজন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হতে চলেছেন প্রাক্তন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন কমলেশ মেহতা। এসওএম কোটায় কার্যনির্বাহী পরিষদে থাকছেন কুস্তিগির যোগেশ্বর দত্ত ও প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল। সিনিয়র সহ-সভাপতি পদে লড়াই হবে অজয় প্যাটেল, মোনা শাহ ও বাগীশ পাঠকের মধ্যে। মহিলা সহ-সভাপতি পদের দৌড়ে রয়েছেন লং জাম্পার অঞ্জু ববি জর্জ, ভবনীত হান্ডু এবং সুমন কৌশিক। পুরুষ সহ-সভাপতি পদে বক্সার বিজেন্দ্র সিংয়ের প্রতিদ্বন্দ্বী বীরেন্দ্র সচদেব। যুগ্ম সচিব পদে লড়ছেন সুনয়না কুমারী ও পূর্ণিমা মাহাতো (মহিলা) এবং অমিতাভ শর্মা ও হরজিন্দর সিং (পুরুষ)। এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের চারটি পদের লড়াইয়ে রয়েছেন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়-সহ সাতজন।
ভোটের নিয়ম নিয়ে আইনি জটিলতার আশঙ্কা ভোটের আগেই আইওএ-র সংবিধান ও নির্বাচনী উপবিধির সংঘাত নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। সংবিধানের ১৪.১ ধারা অনুযায়ী, জিততে হলে বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে; তা না হলে প্রথম দু’জনের মধ্যে দ্বিতীয় দফার ভোটাভুটি হবে।
কিন্তু নির্বাচনী উপবিধির ৩.৪ ধারা মোতাবেক, সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী—এখানে ৫০ শতাংশ বা দ্বিতীয় দফার কোনও উল্লেখ নেই। যদিও সংবিধানের ৩২ নম্বর ধারা স্পষ্ট বলছে, সংঘাত বাধলে সংবিধানই চূড়ান্ত। এক সূত্রের আশঙ্কা, এটি নিছক পদ্ধতিগত সামান্য ফারাক নয়। বিশেষত তিন বা তার বেশি প্রার্থী লড়লে এটি নির্বাচনের ফল বদলে দিতে পারে। আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও রয়েছে বলে মনে করা হচ্ছে, তাই ভোটপ্রক্রিয়া নিয়ে স্পষ্টতা জরুরি।