অল্প বয়সে বিয়ে নয়, স্কুলে স্কুলে গড়ে উঠুক সচেতনতা! বাল্যবিবাহ মুক্ত বাংলা গড়তে বিশেষ উদ্যোগ রাজ্যের

পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বাল্যবিবাহ রুখতে স্কুলে স্কুলে শপথ নেবেন বাংলার পড়ুয়ারা। অল্প বয়সে বিয়ে নয়—এই বার্তাকে সামনে রেখে বাল্যবিবাহ মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর রাজ্যজুড়ে স্কুলে স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি আয়োজিত হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে এই বিশেষ সমাবেশ আয়োজন করতে হবে। সূত্রের খবর, ওইদিন বাল্যবিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে একসঙ্গে শপথ নেবেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ছোট থেকেই যাতে সচেতনতা গড়ে ওঠে এবং পড়ুয়ারা বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কেন্দ্রীয় সরকারের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ অভিযানের অংশ হিসেবে বাংলা ও ইংরেজিতে শপথবাক্য পাঠানো হয়েছে। স্কুলে স্কুলে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনের পাশাপাশি কর্মসূচির ছবি ও রিপোর্ট জেলাশাসকের দফতরে পাঠানোর নির্দেশনা ও পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিয়ের মরশুমে বাল্যবিবাহের প্রবণতা রুখতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রাজ্যজুড়ে ১০০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার।

অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিয়ের মরশুমকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে বিশেষ সচেতনতামূলক প্রচার চালানো হবে। বাল্যবিবাহ যে আইনত অপরাধ এবং আইন ভাঙলে কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সাধারণ মানুষকে জানানো হবে। পাশাপাশি ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হলে তাঁদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, তা নিয়েও প্রচার চালানো হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করাই এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *