মদের দোকানের বাইরে বসে আছেন চিকিৎসক! রক্ত পরীক্ষাও চলছে, মধ্যপ্রদেশের এই জেলায় তাজ্জব কাণ্ড

মদের দোকানের বাইরে বসে আছেন চিকিৎসক। মদ কেনার আগে বা পরে চলছে সুরাপ্রেমীদের শারীরিক পরীক্ষা, এমনকী নেওয়া হচ্ছে রক্তের নমুনাও। মদ কিনতে গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়তে চাইবেন না কেউই। কিন্তু ঠিক এমনই এক ব্যতিক্রমী ব্যবস্থা করা হয়েছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে।
জানা গিয়েছে, বুন্দেলখণ্ডের সাগর জেলায় প্রশাসনের পক্ষ থেকে মদের দোকানগুলির বাইরে এই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা মদ কিনতে আসছেন, তাঁদের শারীরিক পরীক্ষার পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করছে মেডিক্যাল টিম। পাশাপাশি স্বাস্থ্যের ওপর মদ্যপানের ক্ষতিকারক প্রভাব নিয়ে ক্রেতাদের সচেতন ও সতর্ক করছেন চিকিৎসকরা।
এমনকী কোন ক্রেতারা রোজ বা ঘন ঘন মদ কিনতে আসেন, কিংবা সকাল ৮টায় মদের দোকান খোলার আগে থেকেই দোকানের সামনে অপেক্ষায় থাকেন, তাঁদেরও আলাদা করে চিনিয়ে দেওয়ার জন্য মদের দোকানগুলির কর্তৃপক্ষের সাহায্য চেয়েছে প্রশাসন।
গত সেপ্টেম্বর মাসে সাগর জেলার বান্দা এলাকায় মদ্যপান করে বিষক্রিয়ার কারণে ২০ জনের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে সামনে আসে, মৃতদের অনেকেরই আগে থেকে লিভার ও কিডনির সমস্যা ছিল। ওই এলাকায় সম্প্রতি মদ্যপানের জেরে বিষক্রিয়ায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনার পরই তৎপর হন সাগরের জেলাশাসক দিলীপ কুমার যাদব। এলাকার কোন বাসিন্দারা দিনের পর দিন মদ্যপানের ফলে নিজেদের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছেন, বিশেষত কারা দিনভর মদ্যপান করেন অথচ ঠিকমতো খাওয়াদাওয়া করেন না, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। নিয়মিত মদ্যপান করেন এমন ব্যক্তিদের মদের দোকানগুলির সহায়তায় চিহ্নিত করার চেষ্টা করছে জেলা প্রশাসন, এবং এই পদক্ষেপে কিছুটা সুফলও মিলতে শুরু করেছে বলে খবর।