‘আমরা কি ভিখারী?’ সমাজবাদী পার্টির আচরণে ফুঁসছেন কংগ্রেস নেতা, সাহারানপুর নিয়ে জটিলতা তুঙ্গে

উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোটের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে একতরফাভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল সমাজবাদী পার্টি (সপা)। বেহত, সাহারানপুর এবং কাইরানা-সহ একাধিক কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে অখিলেশ যাদবের দল। এর মধ্যে বেহত আসনে উমর আলি খান, সাহারানপুরে আশু মালিক এবং কাইরানা থেকে নাহিদ হাসানকে প্রার্থী করা হয়েছে।
উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে দু’দফায় বৈঠক করেছে সমাজবাদী পার্টি। কিন্তু সেই আলোচনা কোনও ইতিবাচক দিশা দেখাতে পারেনি; বরং দুই দলের অভ্যন্তরীণ মতবিরোধ আরও প্রকট হয়ে উঠেছে।
এই টানাপোড়েনের মাঝেই সমাজমাধ্যমে অখিলেশ যাদব দাবি করেছেন, বিজেপিকে পরাস্ত করার জন্য ধর্মনিরপেক্ষ দুই দলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। সপা প্রধানের মতে, কত সংখ্যক আসন পাওয়া গেল, তার চেয়েও কোন আসনগুলিতে জয়ের সম্ভাবনা বেশি, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যদিও সমাজবাদী পার্টির এই অবস্থান ও পদক্ষেপে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস সাংসদ তথা উত্তর প্রদেশে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ। জানা গিয়েছে, সমাজবাদী পার্টি কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে ক্ষুব্ধ ইমরান মাসুদ বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কি ভিখারী? আপনারা কি আমাদের এরকম চোখেই দেখবেন? আমরা আসন নিয়ে দাবি করার আগেই আপনারা আমাদের জন্য ২৬টি আসন বরাদ্দ করে দিলেন? তাহলে এটাই আপনাদের কাজের ধরন। আপনারাই সবকিছু ঠিক করে দেবেন। সেটাই যদি হয় তাহলে আমার মতো যাঁদের আত্মসম্মান আছে, তাঁদের মাথায় এসব ঢুকবে না।’
কংগ্রেস সূত্রে খবর, বেহত এবং সাহারানপুর কেন্দ্রে সমাজবাদী পার্টি প্রার্থী ঘোষণা করে দেওয়ায় ইমরান মাসুদের ক্ষোভ আরও বেড়েছে। কারণ নিজের জেলার এই দু’টি আসনে কংগ্রেসের প্রার্থী দিতে চেয়েছিলেন তিনি। সূত্রের দাবি, ইমরান মাসুদ এখনও চাইছেন ওই দুই কেন্দ্রে প্রার্থী দিক কংগ্রেস। তাঁর মতে, এভাবে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে জোটধর্ম লঙ্ঘন করেছে সমাজবাদী পার্টি।
সবচেয়ে বড় কথা, উত্তর প্রদেশ ঘিরে কংগ্রেসের যে নির্বাচনী কৌশল সাজানো হয়েছিল, তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সাহারানপুর। এমনকি আগামী ডিসেম্বর মাসে সাহারানপুর থেকেই রাহুল গান্ধীর উত্তর প্রদেশে প্রচার অভিযান শুরু হওয়ার কথা ছিল। সেই আবহে সপার এই প্রার্থী ঘোষণা জোটের সমীকরণকে আরও জটিল করে তুলল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।