তৃণমূল ছাড়ার ৬ বছর পর বড় দাবি, শুভেন্দুর মুখে প্রণব মুখোপাধ্যায়ের নাম

২০২০ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী। সেই চিঠিতে দলকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁর কাটানো সময়ের স্মৃতি তুলে ধরেছিলেন তিনি। সে সময় শুভেন্দুর এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দলত্যাগের প্রায় ছয় বছর পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, কেন তিনি সেদিন তৃণমূল ছেড়েছিলেন। তাঁর দাবি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন শুভেন্দু। তিনি দাবি করেন, তৃণমূল একটি বেসরকারি সংস্থার মতো পিসি-ভাইপোর দল ছিল এবং সেখানে কর্মী হিসেবে থাকতে চাননি বলেই তিনি বেরিয়ে আসেন। তাঁর আসল পরামর্শদাতা ও অভিভাবক ছিলেন প্রণব মুখোপাধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

প্রণব মুখোপাধ্যায় তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু। সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পর রাইসিনা হিলসে গেলে সেখানে ভাইপোও আসেন। সে সময় প্রণববাবু তাঁকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, কর্মী হয়ে থাকতে চাইলে তাঁর সঙ্গে থাকা এবং নিজের পথে এগোতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার কথা। যদিও বেশি কথা বললে বিতর্ক তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন শুভেন্দু।

উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর ওই বছরই মেদিনীপুরের জনসভায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার আগেই ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে রাজনৈতিক মহলে চর্চা ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *