মিথ্যা অভিযোগ, উপযুক্ত জবাব দেব’: তদন্তের নির্দেশে পাল্টা তোপ নবীন ও বিজেডির

ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-র প্রধান নবীন পট্টনায়ক, প্রাক্তন আইএএস আধিকারিক ভি কে পাণ্ডিয়ান এবং আইপিএস আধিকারিক রবিকান্তের ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যবর্তী বিদেশ সফরগুলো নিয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। গত শনিবার, ২১ নভেম্বর ওডিশা সরকারের পক্ষ থেকে এই তদন্তের ঘোষণা করা হয়।
তথ্য জানার অধিকার আইন (RTI)-এর মাধ্যমে প্রাপ্ত তথ্যে ওই বিদেশ সফরগুলোর খরচে ব্যাপক অসঙ্গতি এবং অস্বচ্ছতার অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সাধারণ প্রশাসন দফতরের প্রধান সচিব সুরেশ কুমার বশিষ্ঠকে পুরো বিষয়টি খতিয়ে দেখে সত্য উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরটিআই তথ্য ঘিরে বিতর্ক ও কোন কোন সফর?
মুখ্যমন্ত্রীর দফতর (CMO) থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কয়েকজন সমাজকর্মী ও আরটিআই কর্মীর অভিযোগের ভিত্তিতে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তাঁর তৎকালীন ব্যক্তিগত সচিব ভি কে পাণ্ডিয়ান এবং দিল্লিতে নিযুক্ত ওডিশার তৎকালীন রেসিডেন্ট কমিশনার রবিকান্ত জাপান, ইতালি ও দুবাইসহ একাধিক দেশে সফর করেছিলেন।
আরটিআই-এর মাধ্যমে এই সফরগুলোর খরচের যে হিসাব পাওয়া গেছে, তা অত্যন্ত সন্দেহজনক, অস্পষ্ট এবং অসম্পূর্ণ বলে অভিযোগ। চার্টার্ড বিমানের ব্যবহার এবং বিলাসবহুল হোটেলে থাকার বিপুল খরচের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে এবং সরকারি নথিতে গরমিল রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে নবীন পট্টনায়ক ১১ দিনের সফরে ইতালি ও দুবাই গিয়েছিলেন; সেখানে তিনি রোমে রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অনুষ্ঠানে যোগ দেন, ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুবাইয়ে বিনিয়োগকারীদের সম্মেলনে অংশ নেন। এরপর ২০২৩ সালের এপ্রিল মাসে ওডিশায় বিদেশি বিনিয়োগ টানতে জাপান ও সিঙ্গাপুর সফরে যান তিনি। প্রতিটি সফরেই তাঁর সঙ্গে ছিলেন ভি কে পাণ্ডিয়ান ও রবিকান্ত। পাণ্ডিয়ান পরবর্তীতে স্বেচ্ছাবসর নিয়ে বিজেডিতে যোগ দিলেও ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান; অন্যদিকে ১৯৯৮ ব্যাচের আইপিএস আধিকারিক রবিকান্ত বর্তমানে কেন্দ্রীয় ডেপুটেশনে আধা-সামরিক বাহিনীতে কর্মরত।
নবীন পট্টনায়ক ও বিজেডির পাল্টা প্রতিক্রিয়া
রাজ্য সরকারের এই তদন্তের নির্দেশকে কেন্দ্র করে ওডিশার রাজনৈতিক মহলে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। তদন্তের প্রতিক্রিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন অত্যন্ত সীমিত সংখ্যক বিদেশ সফর করেছেন এবং তা শুধুমাত্র ওডিশার স্বার্থেই করা হয়েছিল। তাঁর ও তাঁর আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং সময়মতো এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে স্পষ্ট করেছেন তিনি।
অন্যদিকে, বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তি দাবি করেছেন, ২৪ বছরের মুখ্যমন্ত্রিত্বে নবীন পট্টনায়ক মাত্র দুটি সরকারি বিদেশ সফর করেছিলেন, যার মাধ্যমে রাজ্যে আর্সেলরমিত্তল নিপ্পন স্টিলের মতো বড় শিল্প প্রকল্প এসেছে। তাঁর অভিযোগ, বর্তমান ‘ডবল-ইঞ্জিন’ সরকার নিজেদের ব্যর্থতা ও মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই এই তদন্তের নাটক করছে। পাশাপাশি স্বচ্ছতার খাতিরে বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের সাম্প্রতিক বিদেশ সফরগুলোরও তদন্ত হওয়া উচিত বলে দাবি তুলেছে বিজেডি। আগামী বছরের পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আগে এই বিদেশ সফর বিতর্ক ওডিশার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।