জমি ও জাতীয় সড়কের জট কাটানোর আশ্বাস, গুরু নানক জয়ন্তীতে ডানকুনির গুরুদ্বারে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

গুরু নানক জয়ন্তী উপলক্ষে ডানকুনির গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের জন্য একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুদ্বার চত্বরে কমিউনিটি সেন্টার তৈরির পাশাপাশি গুরু নানকের নামেও একটি ভবন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছেন তিনি। দীর্ঘদিন ধরে জমি ও জাতীয় সড়ক সংক্রান্ত যে সমস্যা রয়েছে, আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে ডানকুনির গুরুদ্বারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখানে প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, পরিবহণমন্ত্রী থাকাকালীন সময় থেকেই গুরুদ্বারের সঙ্গে তাঁর সম্পর্ক। বারবার এখানে এসেছেন বলেও জানান তিনি। শিখ ধর্মাবলম্বীদের নিজের আত্মীয় বলেও উল্লেখ করেন শুভেন্দু।

গুরুদ্বার কর্তৃপক্ষের তরফে কয়েকটি দাবি ও সমস্যার কথা জানানো হলে সেগুলি সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই এলাকায় একটি কমিউনিটি হল তৈরি করা হবে। জায়গাটিকে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। জাতীয় সড়কের সঙ্গে যুক্ত জমি ও যাতায়াতের সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো হবে বলে জানান তিনি।

এ দিনের অন্যতম বড় ঘোষণা গুরু নানকের নামে ভবন তৈরির পরিকল্পনা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে, তা হলে গুরু নানকের নামে ভবন তৈরিতে বাধা কোথায়? শিখ সম্প্রদায়ের উন্নয়নের জন্য সরকার উদ্যোগী হবে বলেও আশ্বাস দেন তিনি।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়েও কথা বলেন শুভেন্দু। মেলায় শিখ সম্প্রদায়ের সদস্যদের লঙ্গরখানা বা সেবাশিবির চালু করার আবেদন জানিয়েছেন তিনি। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি মেলা চলাকালীন ডানকুনিতে একটি শিবির তৈরির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশ ও সরকারি আধিকারিকেরা দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

এ দিন সংখ্যালঘু উন্নয়ন প্রসঙ্গে আগের সরকারের নীতির সমালোচনা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বর্তমান সরকার শিখ ও জৈন-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে সমান মর্যাদা দিয়ে তাদের উন্নয়নে কাজ করতে চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *