মাত্র ১০১ ঘণ্টায় ৫,৭০০ কিমি নন-স্টপ উড়ান! মণিপুরের কোন গোপন খাবারে এই অবিশ্বাস্য শক্তি পায় আমুর ফ্যালকন?

প্রতি বছর শরতে মণিপুরের পাহাড়ে ভিড় জমায় হাজার হাজার আমুর ফ্যালকন। প্রাণীজগতের দীর্ঘতম এবং বিস্ময়কর পরিযান যাত্রার আগে এই পাহাড়ই হয়ে ওঠে তাদের আসল শক্তির কেন্দ্র। খাবার বা জলের জন্য মাঝপথে এক মুহূর্তও না থেমে আরব সাগরের ওপর দিয়ে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রসদ এই ছোট্ট পাখিরা জমায় এখান থেকেই।

গত সোমবার, ২৩ নভেম্বর এই অবিশ্বাস্য সহনশীলতার নতুন নজির সামনে এসেছে। মণিপুরের তামেংলং থেকে টানা ৫,৪০০ কিলোমিটার পথ উড়ে সোমালিয়ায় পৌঁছেছে স্যাটেলাইট ট্যাগ লাগানো পুরুষ আমুর ফ্যালকন আপাং। তার ঠিক আগেই মাত্র ১০১ ঘণ্টায় ৫,৭০০ কিলোমিটার নন-স্টপ উড়ে আফ্রিকার ওই দেশেই পৌঁছে চমকে দিয়েছে আলাং নামের আরেকটি স্ত্রী ফ্যালকন। সারা বছরে প্রায় ২৩টি দেশ ঘুরে ২২,০০০ কিলোমিটারের মতো পথ পাড়ি দেয় এই পাখিরা। প্রশ্ন হলো, না থেমে সপ্তাহব্যাপী এই ম্যারাথন উড়ানের জ্বালানি তারা পায় কোথা থেকে?

মণিপুরের পাহাড়ে বিশেষ ভোজ

মণিপুরে থাকাকালীন পাখিদের খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে রয়েছে এই দীর্ঘ উড়ানের শক্তি। ২০২২ সালে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা ডব্লিউআইআই প্রকাশিত একটি টেকনিক্যাল রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানী অমরজিৎ কৌর, এ জেকব এবং আরএস কুমারের তৈরি সেই রিপোর্টে জানানো হয়েছে, শরৎকালে মণিপুরে বিরতির সময় এই পাখিরা প্রচুর পরিমাণে পোকামাকড় খায়। গবেষকদের মতে, ওডোন্টোটার্মেস ফি প্রজাতির উইপোকাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। পর্যাপ্ত উইপোকার জোগান থাকায় বিশ্রাম ও শক্তি সঞ্চয়ের জন্য আমুর ফ্যালকনরা মণিপুরকে বেছে নেয়।

উইপোকা ও অনুকূল বাতাসেই সাগর পার

দীর্ঘ যাত্রার ক্ষেত্রে পাখিদের মণিপুরে পৌঁছনোর সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অক্টোবর ও নভেম্বর মাসে মাটির নিচের কলোনি থেকে ঝাঁকে ঝাঁকে উইপোকা বাইরে বেরিয়ে আসে। উড়ন্ত অবস্থাতেই সেই উইপোকা শিকার করে আমুর ফ্যালকনরা। এর ফলে শরীরে জমে প্রচুর চর্বি। সাগর পেরোনোর সময় খাবার বা জল কিছুই পাওয়া যায় না, তখন শরীরের এই সঞ্চিত চর্বিই জ্বালানির কাজ করে।

ডব্লিউআইআই-এর রিপোর্ট বলছে, সাধারণত এই পাখিরা মণিপুরে প্রায় ১৩ দিন কাটায়। তবে ব্যতিক্রমও দেখা যায়। যেমন এ বছর আপাং ও আলাং মণিপুরে ছিল প্রায় ২৫ দিন। সমীক্ষায় আরও দেখা গেছে, কেবল খাবারের শক্তিই নয়, আরব সাগর পার হতে এদের বড় ভরসা অনুকূল বাতাস। সঞ্চিত শক্তি, ওড়ার দক্ষতা এবং বাতাসের গতি, এই তিনের মেলবন্ধনেই অসম্ভবকে সম্ভব করে এই পাখিরা।

শিকারি থেকে রক্ষাকর্তা: মণিপুরের বদলে যাওয়া ছবি

আপাং ও আলাংয়ের এই যাত্রার পেছনে রয়েছে মানুষ ও প্রকৃতির এক বড় পরিবর্তনের গল্পও। একটা সময় মণিপুরের তামেংলং জেলায় নির্বিচারে আমুর ফ্যালকন শিকার করা হতো। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় এক দশক আগেও এখানে এক মরশুমে এক লাখের বেশি পরিযায়ী পাখি মারা পড়ত। সংরক্ষণের কাজ শুরু হওয়ার পরেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। ২০১৮ সালের নভেম্বরে তামেংলংয়ের পুচিং গ্রামের কাছে মণিপুর নামের এক স্যাটেলাইট ট্যাগযুক্ত ফ্যালকনকে গুলি করে মারে এক শিকারি। এরপরই প্রশাসন শিকারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করে।

তার পর থেকেই সচেতনতা বাড়ানো এবং স্থানীয় বাসিন্দাদের সংরক্ষণের কাজে যুক্ত করার কাজ জোরকদমে শুরু হয়। ধীরে ধীরে বদলাতে থাকে মানুষের মানসিকতা। তামেংলংয়ের গ্রামবাসী, বন দফতর এবং স্বেচ্ছাসেবীরা একসঙ্গে পাখিদের রাত কাটানোর জায়গাগুলো পাহারা দিতে শুরু করেন। ডব্লিউআইআই-এর রিপোর্টেও স্থানীয় মানুষ, সচেতনতা শিবির এবং স্থানীয় চার্চগুলোর এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *