‘সব কিছুর সাভারকরিকরণ হবে?’ ছবি বসানো ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি

পুরসভার কাউন্সিলরস ক্লাব রুমে এবার জায়গা পেল বেশ কিছু নতুন ছবি। এখানে জায়গা পেয়েছে বিনায়ক দামোদর সাভারকরের ছবি। তবে শুধুমাত্র সাভারকরের ছবি নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভ ভাই প্যাটেল, রানী লক্ষ্মীবাঈ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভীমরাও রামজি আম্বেদকর, বীরেন্দ্রনাথ শাসমল ও মহারাণা প্রতাপের ছবিও জায়গা পেয়েছে এখানে। সব মিলিয়ে নতুন ৮টি ছবি বসানো হয়েছে এই ঘরে।
এই ৮টি ছবি যেখানে বসানো হয়েছে, সেখানে আগে প্রয়াত কাউন্সিলরদের ছবি ছিল। সেই সব ছবি সরিয়ে দেওয়া হয়েছে একটু পাশের দিকে। বিনায়ক দামোদর সাভারকরের ছবি বসানো ঘিরেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা।
ছবি বসানো নিয়ে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “কলকাতা পুরসভার সঙ্গে যাঁদের সম্পর্ক রয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধান রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর; এঁদের ছবি তো ছিল। ওরা হঠাৎ কাউন্সিলরস ক্লাবে কেন সাভারকরকে বসাল, সেটা বিজেপিই দিতে পারবে। বা যাঁঁরা প্রশাসন চালাচ্ছেন, তাঁরাই দিতে পারবেন। সাভারকরের সঙ্গে কলকাতা পুরসভার কোনও সম্পর্ক আছে বলে আমরা জানি না। এবং সাভারকরের নামে এটাও অভিযোগ রয়েছে যে তিনি সেই সময় মুচলেকা দিয়েছিলেন। বিজেপি নিজেরা যাদের গ্লোরিফাই করতে চায় তাদের ছবি লাগাতে চাইছে।”
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “সাভারকর তো আত্মসমর্পণ করেছিল। তাকে মানে বিপ্লবী বলে? সাভারকরের যাঁরা পুজো করে, তাঁরা কখনও দেশপ্রেমিক হতে পারে না। এর আগেই তো নেতাজি সুভাষচন্দ্রের নামে যে বন্দর ছিল, তার নাম বদলে দিয়েছে। আগামী দিনে সবই বদলে দেবে এরা। সব কিছুরই সাভারকরিকরণ হবে।”
অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “ঠিকই বলেছেন, কলকাতা পুরসভার সঙ্গে সাভারকরের কোনও সম্পর্ক নেই। কিন্তু যাঁরা বলছেন, তাঁরা বলুন না, ওই লম্বা লম্বা দাড়ি ওয়ালা চাইনিজ, জার্মান, রাশিয়ান যে ব্যক্তিগুলোর ছবি ওঁরা লাগান, তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাঁদের সঙ্গে ওঁদের কী সম্পর্ক? ওঁদের সঙ্গে আমাদের দেশের কী সম্পর্ক? সাভারকরের সঙ্গে দেশের সম্পর্ক আছে। আপনি তাঁকে বেইমান বলুন, গদ্দার বলুন, সেটা আপনার ন্যারেটিভ। যত বছর জেল খেটেছেন, অত বছর কেন, অত মাস জেল খাটতে পারবেন না। আমি সেদিকে যাচ্ছি না।”