মালিয়া-চোকসি হলে লাল কার্পেট পেতাম’ — বিমানবন্দরে আটকে পড়ে কেন্দ্রকে তোপ সৌরভের

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (অক্সফোর্ড ইউনিয়ন) আমন্ত্রণে যোগ দিতে লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হল ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) অন্যতম নেতা সৌরভ দাসকে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। সমাজমাধ্যমে পোস্ট করে সৌরভ নিজেই জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছনোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে জানান যে তাঁর পাসপোর্ট নজরদারিতে (‘ফ্ল্যাগড’) রয়েছে এবং তিনি বিমানে উঠতে পারবেন না। ভারতের যুব সমাজের আন্দোলন সংক্রান্ত একটি সেমিনারে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর।

মঙ্গলবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে এক সাংবাদিক বৈঠক করেন সৌরভ। সেখানে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “আমি যদি বিজয় মালিয়া বা মেহুল চোকসি হতাম, তাহলে আমার জন্য লাল কার্পেট বিছানো থাকতো।”

সাংবাদিক বৈঠকে সৌরভ জানান, আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়নের মূল অনুষ্ঠান-সহ ব্রিটেনের বেশ কয়েকটি নামী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। অক্সফোর্ডের ওই অনুষ্ঠানে সৌরভের পাশাপাশি রত্না এবং অভিজিৎ দিপকে-কেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও ব্যক্তিগত কারণে অভিজিৎ যেতে পারেননি। সৌরভের অভিযোগ, “এই কাপুরুষ সরকার কিছু অসঙ্গতির অজুহাত দেখিয়ে আমার পাসপোর্ট ফ্ল্যাগ করে দিয়েছে, যার ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে আটকে দিয়েছে।”

অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সেখানে পাঠরত ভারতীয় পড়ুয়া এবং বিশ্বের অন্যান্য দেশের ‘জেন-জি’ (Gen Z) বা যুবসমাজ ‘ককরোচ মুভমেন্ট’ সম্পর্কে সরাসরি জানতে আগ্রহী ছিলেন। কোনও হিংসার ঘটনা ছাড়া সম্পূর্ণ অহিংস পথে ভারতে এত বড় আন্দোলন কীভাবে সফল হল, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

এরপরই ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করে সৌরভ বলেন, “আমি যদি নীরব মোদী, বিজয় মালিয়া বা মেহুল ভাই চোকসি হতাম, তাহলে আমার জন্য বিমানবন্দরে কোনও সিকিউরিটি চেক থাকত না। ভিআইপি নিরাপত্তায় আমাকে নিয়ে যাওয়া হতো এবং তিন-চার ঘণ্টার মধ্যেই আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতাম।” ২০১৮ সালে বিজয় মালিয়ার দেশ ছাড়ার প্রসঙ্গ টেনে সৌরভ দাবি করেন, দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে সংসদের ভেতরে প্রয়াত অরুণ জেটলির সঙ্গে বৈঠক করে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানিয়েছিলেন মালিয়া এবং সবুজ সংকেত পেয়েই দেশ ছেড়েছিলেন। কটাক্ষের সুরে সৌরভ বলেন, “তাই হয়তো আমাদেরও একজন অরুণ জেটলির প্রয়োজন।”

এদিকে, সৌরভ দাসকে বিমানবন্দরে আটকানোর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, নেপালের আলোচিত ‘জেন-জি’ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বর্তমানে ভারত সফরে রয়েছেন। সেই প্রসঙ্গ টেনে এক্স হ্যান্ডলে মহুয়া মৈত্র লেখেন, “প্রিয় বলেন্দ্র শাহ, আমাদের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে ঘনিষ্ঠতা দেখাচ্ছেন, অথচ অন্যদিকে ‘জেন-জি’ নেতা সৌরভ দাসকে অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিতে যাওয়া থেকে আটকে দেওয়া হল, কারণ তাঁর মা নেপালি বংশোদ্ভূত! আপনি যুব আন্দোলনের হাত ধরে প্রধানমন্ত্রী হয়েছেন। দেখুন আমাদের প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের সঙ্গে কেমন আচরণ করছেন! লজ্জাজনক।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *