অরুণাচল ও অসমে জলসঙ্কটের আশঙ্কা! চিনের মেগা বাঁধের পাল্টা কী পরিকল্পনা নিচ্ছে ভারত?

দ্রুতগতিতে এগিয়ে চলেছে চিনের জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ। ব্রহ্মপুত্র নদের (ইয়ারলুং সাংপো) উপর প্রস্তাবিত ৬০ হাজার মেগাওয়াটের এই বৃহৎ প্রকল্পের নির্মাণকাজের ছবি প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, ইয়ারলুং সাংপো নদীর উপর একাধিক এলাকায় নতুন রাস্তা তৈরি, বসতি সরানো এবং সুড়ঙ্গ নির্মাণের পাশাপাশি আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। আইআইটি (IIT) দিল্লির ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফারের অধীনস্থ সংস্থা ‘EarthSense Labs’-এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
উপগ্রহ চিত্রে কী ধরা পড়েছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি (LAC)-এর ওপারে চিনের মেদোগ কাউন্টির কাছে মূল বাঁধ এলাকায় ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত জনবসতি ও কৃষিজমি ছিল। ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবিত প্রকল্পের কাজের জন্য সেখান থেকে বেশ কিছু জনবসতি সরিয়ে ফেলা হয় এবং মাটি কাটার কাজ শুরু হয়।
পাশাপাশি নদীর উত্তর দিকের তীরবর্তী অঞ্চলগুলিতে নতুন রাস্তা, অস্থায়ী আবাসন এবং অফিস তৈরির কাজও নজরে এসেছে। এমনকি নদীর গতিপথ ঘোরানোর প্রাথমিক প্রচেষ্টার ইঙ্গিতও মিলেছে বলে জানানো হয়েছে।
১৬৮ বিলিয়ন ডলারের প্রকল্প ও উদ্বেগ
২০২৫ সালের জুলাই মাসে তিব্বতে গিয়ে চিনা প্রধানমন্ত্রী লি কিয়াং এই বিশাল প্রকল্পের শিলান্যাস করেন। প্রকল্পটির আর্থিক মূল্য ১৬৮ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। বেজিংয়ের দাবি অনুযায়ী, নামচা বারওয়া পর্বতশ্রেণির কাছে মোট পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে।
তবে এই প্রকল্পের ঘোষণা ও নির্মাণগতি নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের অরুণাচল প্রদেশ এবং অসমে। চিনের সঙ্গে ভারতের কোনও জলবণ্টন চুক্তি না থাকায় উজানে বাঁধ নির্মাণের ফলে ভাটিতে জলের প্রবাহ কমে গেলে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ভারতের পাল্টা পরিকল্পনা ও স্থানীয় মতবিরোধ
সম্ভাব্য ক্ষতির কথা মাথায় রেখে অরুণাচলের সিয়াংয়ে সিয়াং নদীর উপর ১১,২০০ মেগাওয়াটের ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (SUMP) নির্মাণের পরিকল্পনা রয়েছে ভারতের। তবে এই প্রকল্প ঘিরে আদিবাসী সম্প্রদায়ের একাংশের মধ্যে আপত্তি ও মতবিরোধ দেখা দিয়েছে; বাঁধ তৈরির ফলে জমি, জনবসতি এবং প্রাচীন ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাঁদের আশঙ্কা। যদিও ভারতের এই প্রকল্পটি এখনও সমীক্ষার পর্যায়ে রয়েছে এবং নির্মাণ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।