চ্যাড বোয়েসকে ছাপিয়ে দ্রুততম দ্বিশতরান! ১৪.২ ওভারেই লক্ষ্য তাড়া করে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত-এ

প্রথম দু’ম্যাচে ছিলেন নিষ্প্রভ। তাঁর অফ-ফর্ম নিয়ে চলছিল চর্চাও। কিন্তু রাইজিং স্টার্স এশিয়া কাপের তৃতীয় ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে নিন্দুকদের জবাব দিলেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মঙ্গলবার দোহায় ভারত-এ দলের হয়ে ৫২ বলে ডাবল-সেঞ্চুরি করলেন ‘বিস্ময় বালক’। সেইসঙ্গে বিশ্বরেকর্ডে নাম তুলে ফেললেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ডাবল-সেঞ্চুরির নিরিখে নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের রেকর্ড ভাঙলেন বৈভব।
১০৩ বলে ডাবল-সেঞ্চুরি হাঁকিয়ে এতদিন লিস্ট-এ ক্রিকেটের দ্রুততম ডাবল-সেঞ্চুরিয়ন ছিলেন বোয়েস। এদিন সূর্যবংশীর ব্যাটিং ‘বৈভবে’ ভেঙে গেল কিউয়ি ব্যাটারের পুরনো রেকর্ড। প্রথম ব্যাট করে বিপক্ষের ২৪৯ রানের জবাবে অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে নামেন সূর্যবংশী। অভিষেক ১২ এবং প্রভসিমরন সিং ৩ রানে আউট হলেও সূর্যবংশীর মনোসংযোগে চিড় ধরানো যায়নি। প্রথমে ২৮ বলে এদিন সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’। ১৪টি ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকিয়ে এদিন শতরান পূর্ণ করেন সূর্যবংশী।
কেবল শতরানে থমকে থাকা নয়। এরপর বিপক্ষ বোলারদের ক্লাবস্তরে নামিয়ে শতরানকে দ্বিশতরানের রূপ দেন সূর্যবংশী। ৪০ বলে দেড়শতরান এবং ৫২ বলে ছক্কা হাঁকিয়ে দ্বিশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম দেড়শতরান করার পথে নিজেরই বিশ্বরেকর্ড এদিন ভেঙে দেন কিশোর ওপেনার। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ করে সূর্যবংশী যখন আউট হন, ভারত-এ দল তখন জয়ের কিনারে। শেষমেশ ১৪.২ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে জয়ের সরণিতে ফেরে ভারত। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর জোরালো প্রত্যাবর্তন করল তিলক বর্মা অ্যান্ড কোম্পানি। সেইসঙ্গে গ্রুপ বি-র শীর্ষে উঠে শেষ চারের পথে এক পা বাড়িয়ে রাখল তারা।
তবে ভারতের জয় ছাপিয়ে এদিন শিরোনামে শুধুই সূর্যবংশী। এদিন বছর পনেরোর ক্রিকেটারের অতিমানবিক ইনিংস সাজানো ছিল সাতটি চার ও ২৮টি ছক্কায়। লিস্ট-এ ক্রিকেটে ব্যক্তিগত একটি ইনিংসে যা সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরও বটে। সূর্যবংশী আউট হলেও ২৭ রানে অপরাজিত থেকে যান রিঙ্কু সিং। এক রানে নটআউট থাকেন কুমার কুশাগ্র। এদিন হরপ্রীত সিং ভাটিয়ার সেঞ্চুরিতে ভর করে প্রথম ব্যাটিং করে আট উইকেটে ২৪৯ রান তোলে আমিরশাহী। ১৪৪ বলে ১৩০ রান করেন ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হরপ্রীত। তবে বৈভবের তাণ্ডবের সামনে তাঁর সেই ইনিংস ম্লান হয়ে যায়।