‘বাংলা-হিন্দি বলে কিছু নেই’, বামাক্ষ্যাপা বিতর্কে বেফাঁস দিলীপ ঘোষ?

‘সাধক বামাক্ষ্যাপা’ অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা ছবি। শুক্রবার সেই ছবি বেশিরভাগ মাল্টিপ্লেক্স থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একটি হিন্দি ছবির জন্য। এই বদলের বাংলাতে এই গোটা বিষয়টা নিয়ে বাংলা সিনেমার যাঁরা পাশে দাঁড়াতে চান, তাঁরা খুব মর্মাহত। ক্ষোভে ফুঁসছে টলিউড। মঙ্গলবার, ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন পরিচালক, প্রযোজক এবং বাংলার হল মালিকেরা। এটাই প্রথমবার নয় যখন কোনও হিন্দি ছবির জন্য কোপ পড়ল বাংলা ছবির উপর। এই বৈঠকে কোনও সমাধানের পথ বেরোয় কিনা সেটাই দেখার। তার আগে এদিন এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।

‘সাধক বামাক্ষ্যাপা’কে এভাবে হল থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলা-হিন্দি বলে কোনও কথা নেই। সিনেমা হচ্ছে বিনোদন। পাবলিক যেটা চাইবে, যাঁরা পরিচালক, তাঁদের যাতে লাভ হবে তাঁরা সেটা করবেন। ‘সাধক বামাক্ষ্যাপা’ চলেছে, যাঁরা দেখার দেখেছেন। এরম অনেক সিনেমা এসেছে, যতদিন চলেছে দেখেছেন। এই যে হনুমান অংশ নামে একটি সিনেমা হয়েছে, সেটা তো সে নিজের জোরে চলেছে। যেটা চলার চলবে। যাঁরা ব্যবসায়ী, যাঁরা সিনেমা হলের পরিচালক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভাল লাভ হবে, তাঁরা সেটাই চালাবেন। সরকার যদি ভর্তুকি দিয়ে কোনও সিনেমা চালায় সেটা চলবে।

তিনি আরও যোগ করেন, মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই সেটা ভাল হবে, এরকম কোনও কথা নেই। যাঁরা ওঁর ব্যাপারে জানতে চান, তাঁরা পড়ে নেবেন। জেনে নেবেন। সিনেমা চলবে, না চলবে, সেটা তো তার কোয়ালিটির উপর নির্ভর করে।

কিন্তু ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমাটি তো দর্শক থেকে দারুণ সাড়া পাচ্ছিল। বক্স অফিসে ভাল ব্যবসা করছিল। ইতিবাচক রিভিউতে ভরে উঠছিল সোশ্যাল মিডিয়া। হাউজফুল হওয়া একটি সিনেমাকে এভাবে এখনও মুক্তি পায়নি এমন হিন্দি ছবির জন্য সরিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, এসব গল্প অনেকদিন ধরে শুনছি। যাঁরা বাংলা-বাংলা, বাঙালি-বাঙালি করেছিলেন, তাঁরা বাংলার জন্য, বাংলা সিনেমা, বাংলা খেলাধুলো, সংস্কৃতি, গান ইত্যাদির জন্য কী করেছেন? গত বছর বোধহয় আমাদের মান্না দের জন্মশতবার্ষিকী ছিল। আপনি ক’টা প্রোগ্রাম দেখেছেন যা মান্না দেকে নিয়ে প্রাক্তন সরকার করেছিল? সিনেমাকে সিনেমার মতো চলতে দেওয়া উচিত।

উল্লেখ্য, দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির। কিন্তু ‘রামায়ণ’-এর সঙ্গে ক্ল্যাশ এড়াতে পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি এবং বক্স অফিসে ভালই ব্যবসা করছিল। কিন্তু আসন্ন একটি হিন্দি ছবির জন্য শো কমানোর প্রস্তাব আসতেই আগামী শুক্রবার থেকে এই ছবি আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। মঙ্গলবার, ২৪ নভেম্বর এই বিষয়ে টলিউডের পরিচালক, প্রযোজক এবং বাংলার হল মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *