বড়দিনে কিং ও অ্যাভেঞ্জার্সকে টক্কর! প্রকাশ্যে এল দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র ঝলক

স্বাধীনতা দিবসের সময় মুক্তি না পাওয়া দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির প্রথম ঝলক অবশেষে প্রকাশ্যে এল। আগে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটিকে জায়গা ছেড়ে দিতে গিয়ে এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি নির্মাতারা ঘোষণা করেছেন যে, বড়দিনের সময় প্রেক্ষাগৃহে আসবে এই ছবি, যেখানে বক্স অফিসে তাকে মুখোমুখি হতে হবে শাহরুখ খানের ‘কিং’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র মতো বড় ছবির। প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে।

প্রকাশিত ঝলকের প্রতিটি দৃশ্যে করিমূল হকের নিঃস্বার্থ মানবসেবার ছবি তুলে ধরা হয়েছে। দিন হোক বা রাত, প্রতিকূলতা উপেক্ষা করে কীভাবে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার আভাস স্পষ্ট। কারও অসুস্থতার খবর পেলেই বাইক ছুটিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার অদম্য চেষ্টা ধরা পড়েছে দৃশ্যগুলোতে। পাশাপাশি উত্তরবঙ্গের সেই অঞ্চলের চিকিৎসা পরিকাঠামোর বাস্তব চিত্র এবং সীমাবদ্ধতাকেও গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যা কাহিনিকে আরও বাস্তবসম্মত ও আবেগঘন করে তুলেছে।

ঝলকে দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত চরিত্রগুলোর রসায়ন যেমন নজরে এসেছে, তেমনই দেখা গিয়েছে বিয়ের মুহূর্তের আভাসও। মানুষের সেবায় নিজেকে সঁপে দেওয়ার কারণে পরিবারের পক্ষ থেকে বারবার সরে আসার অনুরোধ যে করিমূল হককে শুনতে হয়েছে, সেই দ্বন্দ্বও উঠে এসেছে। তবে সব বাধা ও আপত্তি অগ্রাহ্য করে নিজের লক্ষ্যে অবিচল থাকেন তিনি। সেই পথচলায় কী কী কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে, ঝলকে তারও ইঙ্গিত রয়েছে।

প্রথম ঝলকের শেষ অংশে বিশেষ চমক হিসেবে ধরা দিয়েছে করিমূল হকের পদ্মশ্রী প্রাপ্তির প্রসঙ্গ। সমাজসেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মান পাওয়ার দৃশ্যায়নে একটি মজার ঘটনাও যুক্ত করা হয়েছে, যা দর্শকদের মুখে হাসি ফোটাতে পারে। ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও কমেন্ট বক্সে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া চোখে পড়ছে, অনেকেই দেবের লুক ও গল্পের গভীরতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। মুখ্য চরিত্রে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র, প্রিয়াঙ্কা সরকার, খরাজ মুখার্জি এবং ইন্দ্রাশিস রায়। ছবিটির পরিচালনা করেছেন বিনয় মুদগিল এবং প্রযোজনা করেছেন গুরুপদ অধিকারী, প্রদীপ কুমার নন্দী ও দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি বড়দিনের বক্স অফিসে কতটা ছাপ ফেলতে পারে, এখন সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *