বাম আমলের রীতিতে ইতি! এবার প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল, কী জানালেন শুভেন্দু অধিকারী?

আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় ত্রৈমাসিক বিলের বদলে প্রতি মাসে মিটার রিডিং নিয়ে বিল দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি জানান, আগামী মাস থেকে চাহিদা মেটাতে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে রাজ্যকে; শিল্প ও বাণিজ্যের কাজে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আগামী জানুয়ারি মাস থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে আমরা প্রত্যেক মাসে মিটার রিডিং নেব এবং বিল দেব।” জনগণের দাবি ও আবেদনের প্রতি সম্মান জানিয়েই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা এক প্রশাসনিক প্রথার অবসান ঘটল।

মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের স্বস্তি

মুখ্যমন্ত্রীর কথায়, বহুদিন ধরেই সাধারণ মানুষের এই দাবি ছিল। সিইএসসি (CESC) এলাকায় গ্রাহকেরা এতদিন প্রতি মাসে বিল পেলেও রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় তিন মাস অন্তর বিল আসত। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করে সিইএসসি; রাজ্যের বড় অংশই রয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতায়।

নতুন নিয়মে ওই বিস্তীর্ণ এলাকার গ্রাহকেরা প্রতি মাসে বিল পাবেন। ফলে একসঙ্গে তিন মাসের বিল মেটানোর আর্থিক চাপ কমবে এবং বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার এতে উপকৃত হবে। প্রশাসনের একাংশের মতে, নতুন ব্যবস্থায় সংসারের মাসিক বাজেট ও খরচ সামাল দেওয়া আরও সহজ হবে।

ডিসেম্বর থেকে বিদ্যুৎ কেনার ঘোষণা ও রাজনৈতিক খোঁচা

রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শিল্প ও বাণিজ্যক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় ডিসেম্বর মাস থেকেই বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে রাজ্যকে।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “গত ৬ মাসে শিল্প ও বাণিজ্যে বিদ্যুতের ব্যবহার বেড়েছে বলে আগামী ডিসেম্বর মাস থেকে আমাদের বিদ্যুৎ কিনতে হচ্ছে। আগে রাজ্যে উদ্বৃত্ত ছিল। আগের সরকারের সময় ব্যবসা এবং শিল্প বন্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সেই কারণে আমাদের অতিরিক্ত বিদ্যুৎ কিনতে হচ্ছে। এটা গ্লোবাল টেন্ডার। ওপেন টেন্ডার করে করতে হয়েছে। ডিসেম্বর থেকে আমাদেরকে বিদ্যুৎ কিনতে হচ্ছে।”

উল্লেখ্য, বাম আমল থেকেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় তিন মাস অন্তর বিল পাঠানোর রীতি চালু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেও বিষয়টি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি; ওই সরকারের শেষ দিকে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নেওয়া হলেও নাগরিক বিরোধিতার মুখে তা থমকে যায়। তখনও মাসিক বিলের দাবি উঠেছিল। তবে দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যেই সেই দাবি মেনে সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *