২ বছর ধরে বাবার হাতে নির্যাতিত কিশোরী! গ্রেফতার অভিযুক্ত, কী বললেন বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল?

বারুইপুর, গাইঘাটা ও রায়গঞ্জে ধর্ষণে অভিযুক্তদের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনার পরেও যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ অব্যাহত। এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় বাবার বিরুদ্ধে ১৭ বছর বয়সি কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে দাঁড় করিয়ে গুলি করে মারার নিদান দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল।

দুই বছর ধরে নির্যাতন, মাসির অভিযোগে গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীর বয়স ১৭ বছর এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ে। ২০১২ সালে মায়ের মৃত্যুর পর থেকে বোন ও বাবার সঙ্গে এক বাড়িতেই থাকত সে। অভিযোগ, কিশোরী একটু বড় হতেই বাবা তার ওপর দিনের পর দিন যৌন নির্যাতন চালায়। ভয়ে এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি ওই নাবালিকা।

অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে বাবার লাগাতার যৌন নির্যাতনের শিকার হতে হয় তাকে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে পাশের গ্রামের বাসিন্দা নিজের মাসিকে পুরো ঘটনা খুলে বলে ওই কিশোরী। সব শুনে মাসি হাবড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবাকে। সোমবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

‘দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত’— বিধায়কের বক্তব্য

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। তিনি বলেন, “আমার বলতে ভীষণ খারাপ লাগছে, বাবার কাছেও তার মেয়ে নিরাপদ নয়! পুলিশকে বলব, নাবালিকা যৌন নির্যাতন মামলায় আইনে যে ক’টি ধারা আছে, সবগুলো যেন অভিযুক্ত বাবার বিরুদ্ধে লাগু করা হয়। এই সমস্ত বাবার বেঁচে থাকার কোনও অধিকার নেই। এই সব বাবাকে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত।”

এনকাউন্টার-বিতর্ক ও নতুন জল্পনা

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পরপর তিনটি ঘটনায় ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে।

পুলিশি এনকাউন্টারের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা উঠলেও তাতে আমল দিতে নারাজ সরকার। রাজ্যের শীর্ষ নেতৃত্ব বারবার জানিয়েছেন, মা-বোনেদের ওপর হওয়া অন্যায় বা মাদক পাচারের মতো অপরাধে পুলিশকে কড়া পদক্ষেপ করার ছাড় দেওয়া হয়েছে। এর মাঝেই বিধায়ক দেবদাস মণ্ডলের প্রকাশ্যে গুলি করে মারার মন্তব্য নতুন করে চর্চা ও জল্পনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *