বিপন্মুক্ত রেখা পাত্র, কবে ছুটি মিলতে পারে হাসপাতাল থেকে? সামনে এল বড় আপডেট

আপাতত ভালো আছেন রেখা পাত্র। মনে করা হচ্ছে, তিনি বিপন্মুক্ত। ভেন্টিলেশন থেকে বের করার পর থেকে শ্বাসপ্রশ্বাসের কোনও সমস্যা হয়নি এবং রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। বর্তমানে তাঁর আর কোনও কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার প্রয়োজন হচ্ছে না। আপাতত তিনি সজ্ঞানে রয়েছেন এবং ওরাল ফিডিং চলছে।

বুক ধড়ফড়ানি ও চিকিৎসকদের পর্যবেক্ষণ

বুক ধড়ফড়ানি ছাড়া এই মুহূর্তে আর কোনও বড় সমস্যা নেই তাঁর। বিজেপির চিকিৎসক নেত্রী অর্চনা মজুমদার জানিয়েছেন, চিকিৎসকদের মতে, বিষক্রিয়ার কারণে এই ধরনের বুক ধড়ফড় বা ট্যাকিকার্ডিয়া (Tachycardia) হতে পারে।

মাঝেমধ্যে আবেগতাড়িত হয়ে কান্নাকাটিও করেছেন রেখা। চিকিৎসকদের মতে, এর থেকে বোঝা যায় তাঁর স্নায়ুতন্ত্র স্বাভাবিক রয়েছে। পাশাপাশি প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক থাকায় কিডনিতেও বিষক্রিয়ার কোনও কুপ্রভাব পড়েনি বলে মনে করা হচ্ছে। মোটের ওপর, তাঁর সমস্ত শারীরিক পরিমাপ এখন স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের অনুমান, আগামী তিন-চার দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।

কীভাবে শুরু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

উল্লেখ্য, গতকাল সংকটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রেখা পাত্র। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে সূত্রের খবর। খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি জানান, “খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন রেখা পাত্র। চিকিৎসায় সাড়া মিলেছে। আগের থেকে অবস্থা ভালো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *