চিনের সঙ্গে ক্ষমতার ব্যবধান কমল ৮ বছরে সবচেয়ে বেশি! এশিয়ায় মোদীর নেতৃত্ব নিয়ে বড় রিপোর্ট

এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। চিনের সঙ্গে সামগ্রিক ক্ষমতার ব্যবধানও গত আট বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা লাউই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে উঠে এসেছে এই তথ্য। পাশাপাশি, এশিয়ার সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতাদের তালিকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে নিজের স্থান ধরে রেখেছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও চিন। ভারতের সামগ্রিক ক্ষমতার স্কোর বেড়ে হয়েছে ৪০.৫, যা গত বছরের তুলনায় ০.৫ পয়েন্ট বেশি। তবে রিপোর্টে এও জানানো হয়েছে যে চিনের সামগ্রিক ক্ষমতা এখনও ভারতের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।
২০১৮ সাল থেকে এই সূচক প্রকাশ করছে লাউই ইনস্টিটিউট। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা—সহ আটটি মাপকাঠিতে দেশগুলির অবস্থান বিচার করা হয়।
মোদীর নেতৃত্বের মূল্যায়নে উন্নতি
রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে বিশেষজ্ঞদের মতামত। আঞ্চলিক নেতৃত্বের সূচকে তিন ধাপ এগিয়েছে ভারত এবং শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
লাউই ইনস্টিটিউটের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ভারতের তুলনামূলক কম কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক নেতৃত্বের মূল্যায়নে প্রভাব ফেলেছে। বিশেষ করে, ভারতের আয়োজিত সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দেশে ফেরার পথে একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়ার ঘটনায় নয়াদিল্লির সীমিত প্রতিক্রিয়ার বিষয়টি রিপোর্টে উঠে এসেছে।
অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি
অর্থনৈতিক সক্ষমতার বিভাগে ভারতের স্কোর কমে হয়েছে ২৬.৪। দুর্বল টাকা, আইএমএফের হিসাব পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়াকে এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার স্কোর বেড়ে হয়েছে ৫৬.২।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় এই বিভাগে ভারতের স্কোর ১৮.৬ হয়েছে এবং দেশটি দুই ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিকেও এই অগ্রগতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থা।