পাসবুক ডাউনলোড থেকে শেষ ৫টি লেনদেন— সবই এখন হাতের মুঠোয়! কীভাবে দেখবেন পিএফ ব্যালান্স?

সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF)। যেখানে কোনও সংস্থার কর্মী এবং সেই নির্দিষ্ট সংস্থা সমানভাবে অর্থ জমা করেন। বিভিন্ন প্রয়োজনে কর্মীরা ওই তহবিল থেকে টাকা তুলতে পারেন এবং অবসরের পর সম্পূর্ণ সঞ্চিত অর্থ তোলার সুযোগ পান।
যাঁরা নিয়মিত ইপিএফ-এ টাকা জমা করেন, তাঁদের সঞ্চয়ের পরিমাণ দেখা ও টাকা তোলার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল রয়েছে। এতদিন ইউএএন (UAN) এবং পাসওয়ার্ড ব্যবহার করে সেই পোর্টালে ঢুকে ব্যালান্স দেখতে হতো। তবে এবার অ্যাকাউন্ট ব্যালান্স জানার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। কোনও ওয়েবসাইটে না ঢুকে কিংবা মিসড কল না দিয়েই এখন সহজে জানা যাবে ইপিএফ অ্যাকাউন্টে থাকা মোট অর্থের পরিমাণ।
হোয়াটসঅ্যাপেই ব্যালান্স ও শেষ ৫টি লেনদেন
ইপিএফ-এর আওতায় থাকা কর্মীরা এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ইপিএফ অ্যাকাউন্টের ব্যালান্স জানতে পারবেন। শুধু মোট ব্যালান্স নয়, সাম্প্রতিক লেনদেন বা রিসেন্ট ট্রানজাকশনও দেখতে পাবেন ব্যবহারকারীরা। ২০২৬ সালের নভেম্বর মাস থেকেই এই পরিষেবা চালু করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)-এর ৭৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য।
কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যালান্স চেক করবেন?
হোয়াটসঅ্যাপে ইপিএফ ব্যালান্স দেখতে প্রথমে মোবাইলে একটি নম্বর সেভ করতে হবে। কর্তৃপক্ষের তরফে এই পরিষেবার জন্য একটি নির্দিষ্ট নম্বর চালু করা হয়েছে: +91 87964 41800।
ধাপে ধাপে ব্যালান্স দেখার পদ্ধতি:
-
মোবাইলে নম্বরটি সেভ করার পর হোয়াটসঅ্যাপে +91 87964 41800-এর চ্যাট উইন্ডো খুলে Hi লিখে পাঠাতে হবে।
-
মেসেজ পাঠানোর পর একটি চ্যাটবট সাড়া দেবে; সেখান থেকে নিজের পছন্দমতো ভাষা নির্বাচন করতে হবে।
-
এরপর একটি ড্রপ-ডাউন মেনু আসবে, যেখানে Check Balance, Last 5 Transaction, Download Passbook এবং Change Language-এর মতো একাধিক বিকল্প দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী অপশন বেছে নিতে হবে।
-
পরবর্তী ধাপে রেজিস্টার্ড বা লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, যা ম্যানুয়ালি জমা দিতে হবে।
-
যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে স্ক্রিনে অ্যাকাউন্টের ব্যালান্স দেখা যাবে। পাশাপাশি শেষ পাঁচটি লেনদেনের তথ্যও দেখতে পাবেন ব্যবহারকারীরা।