সম্পত্তির লোভে খুন নাকি অন্য কিছু? বেলঘরিয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, পলাতক শ্বশুর-শাশুড়ি

বেলঘরিয়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অনুষ্কা মালাকার (২৪)। বেলঘরিয়ার ২০ নম্বর ওয়ার্ডের ৫০/১, বি এন ব্যানার্জি রোডের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সম্পত্তির লোভে অনুষ্কাকে খুনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। ইতিমধ্যেই মৃতার স্বামী রঞ্জিত চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন।

অত্যাচার ও নেশার অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের শিকার ছিলেন অনুষ্কা। স্বামী নেশা করতেন এবং তাঁর ওপর নিয়মিত নির্যাতন চালাতেন বলেও অভিযোগ উঠেছে। সম্পত্তির লোভেই অনুষ্কার ওপর অত্যাচার চলত বলে দাবি করেছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

দেহ সরানোর চেষ্টা ও পুলিশের তদন্ত

অভিযোগ, অনুষ্কার মৃত্যুর পর তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে তাঁর দেহ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাঁদের আটকান। এর পরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। মৃতার স্বামী রঞ্জিত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক শ্বশুর ও শাশুড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, দিন কয়েক আগেও বেলঘরিয়া ও সংলগ্ন এলাকায় খুনের ঘটনা নিয়ে শোরগোল পড়েছিল। কামারহাটি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় দুই বন্ধুর বচসার জেরে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *