হড়পাবানে বিপর্যস্ত নেপালকে ১৫ হাজার কোটির বড় সাহায্য ভারতের! বালেন্দ্র শা-র ভূয়সী প্রশংসা মোদির

সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে নেপালের ভয়াবহ পরিণতির ছবি দেখেছে বিশ্ব। হড়পাবানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে পড়শি দেশে। সেই ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও উন্নয়নের জন্য এবার নেপালকে বিপুল আর্থিক সহায়তার ঘোষণা করল ভারত। ১৫ হাজার কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) বা ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি উন্নয়নমূলক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শা-র সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মোদি। তিনি বলেন, “নেপালে সম্প্রতি হড়পাবানে যেসব প্রাণহানি হয়েছে তার জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত নেপালের জন্য ২৪,০০০ কোটি (নেপালি মুদ্রার) একটি উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে।” পাশাপাশি নেপালের উন্নয়নের জন্য বালেন্দ্র শা-র দূরদৃষ্টিতার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।
প্রথম দ্বিপাক্ষিক সফর ও বৈঠকের বার্তা
বালেন্দ্র শা-কে ভারতে স্বাগত জানিয়ে মোদি বলেন, “নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শা-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত, দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। কয়েক মাস আগে, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই আমরা তাঁর দূরদৃষ্টি ও সুদূরপ্রসারী চিন্তাভাবনার স্পষ্ট পরিচয় পেয়েছিলাম। গত কয়েক ঘণ্টার আলোচনায় আমি নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তাঁর সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার লক্ষ্য করেছি।”
প্রধানমন্ত্রীর কথায়, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়, বরং বিশ্বাস ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ। তিনি বলেন, “আমাদের আকাঙ্খা ও চ্যালেঞ্জগুলি একই রকম এবং কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সাহায্য করার জন্য, আমরা ২৪,০০০ কোটি (নেপালি মুদ্রার মূল্যে) একটি উন্নয়নমূলক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।”
কোন খাতে ব্যয় হবে এই সহায়তা?
প্রধানমন্ত্রী মোদি জানান, এই আর্থিক সহায়তা মূলত পরিকাঠামোগত পুনরুদ্ধার, জনবসতি পুনর্নির্মাণ এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষদের পুনর্বাসনে সহায়তা করবে।
উল্লেখ্য, গত ২৬ অগাস্ট হড়পাবানের ঘটনায় ১,৫০০ মানুষের মৃত্যু হয় এবং ৫,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।