চ্যাংমারি চা বাগানে রক্তাক্ত দুর্ঘটনা! মৃত ৩, আশঙ্কাজনক একাধিক— কী জানালেন পুলিশ ও বিধায়ক?

চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারানো একটি ক্যান্টার গাড়ির ধাক্কায় মৃত্যু হলো তিন চা শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক শ্রমিক, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ডুয়ার্সের নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

জানা গিয়েছে, চ্যাংমারি চা বাগানের একটি ক্যান্টার গাড়ি আপার চ্যাংমারি বা আপার লাইন থেকে ডিপা লাইনের দিকে যাচ্ছিল। সে সময় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাস্টম অফিসের দিকে ধাক্কা মারে এবং সেখানে ঢুকে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

মৃতদের নাম শিব সোরেন (৪০), হরিলাল ওড়াও (৫০) এবং সুরজ ওরাঁও (৪০)।

পুলিশ ও জনপ্রতিনিধির বক্তব্য

জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারি বীণাপানি জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন।

অন্যদিকে, এই বিষয়ে নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা জানান, আপার লাইন থেকে শ্রমিকদের নিয়ে ডিপা লাইনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কাস্টম অফিসে ঢুকে পড়ে গাড়িটি। তাঁর দাবি, এই ঘটনায় তিনজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত ১২ জনকে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা উদ্বেগজনক থাকায় চিকিৎসা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *