‘হেনস্থা করা হচ্ছে, সই করিনি বলেই…’ এনআইএ তলবের পর কোন বোমা ফাটালেন বিধায়ক সাবিনা ইয়াসমিন?

মোথাবাড়িকাণ্ডে এনআইএ (NIA)-এর তলবে দ্বিতীয়বার হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে হাজিরা দেন স্বামী মেহবুব আলমও। এনআইএ সূত্রে খবর, দু’টি আলাদা ঘরে বিধায়ক ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ছয় ঘণ্টা জেরার পর এনআইএ দফতর থেকে বেরোন দু’জন। তবে এই পুরো ঘটনাকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবিনা ইয়াসমিন।
সাবিনার অভিযোগ: ‘হেনস্থা করা হচ্ছে, সই করিনি বলেই ডাক’
এনআইএ দফতর থেকে বেরিয়ে সাবিনা ইয়াসমিন দাবি করেন, তাঁকে ও তাঁর স্বামীকে হেনস্থা করা হচ্ছে কারণ তিনি তৃণমূলের বিধায়ক। তাঁর কথায়, মমতা তৃণমূল কিংবা ঋতব্রত (গণতান্ত্রিক) তৃণমূল বলে আলাদা কিছু নেই; তৃণমূলের বিধায়ক হওয়ার কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে।
সাবিনা আরও অভিযোগ করেন, গণতান্ত্রিক তৃণমূলের তরফে তাঁকে বারবার সই করার জন্য চাপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সই করেননি। তাঁর দাবি, সেই কারণেই বারবার এনআইএ-র তরফে ডাকা হচ্ছে। সাবিনার বক্তব্য, একবার ডাকা হতে পারে, কিন্তু বারবার ডাকার কোনও যৌক্তিকতা নেই। তিনি নিজেকে রাজনীতির শিকার বলেও দাবি করেন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া
সাবিনা ইয়াসমিনের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং গণতান্ত্রিক তৃণমূলের অন্যতম প্রধান মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের চেয়ারম্যান অরূপ রায়কে এর মধ্যে সিবিআই একাধিকবার ডেকেছে। অরূপ রায় গেছেন। এজেন্সি ডাকলে যেতে হবে। আমাদের সঙ্গে আছেন মানে… একটু টেম্পার নিয়ে নিলেন যে, আমি আপনাদের সঙ্গে আছি, আমায় এনআইএ কেন ডাকবে… আরে… আমি আর আখরুজ্জামান কি এনআইএ-র ডিরেক্টর নাকি, আমরা এনআইএ চালাই নাকি… এনআইএ কেন আপনাকে ডাকবে… কেউ যদি মোথাবাড়ির ওই ভয়ঙ্কর ঘটনায়… আমি তো পরে সেই বিচারকের… অন্তঃসত্ত্বা সেই পরিবার, মানে অন্তঃসত্ত্বা মহিলা, খোলা তরোয়াল, যে তাণ্ডব মোথাবাড়িতে হয়েছে, সেই তাণ্ডবে যদি কেউ জড়িত থাকেন, তাহলে তাঁকে যদি এজেন্সি মনে করে ডাকতে হবে।”
পুরনো কথোপকথনের প্রসঙ্গ তুলে ঋতব্রত আরও বলেন, “উনি যেদিন গেলেন, ভাগ্যিস ফোনে সেভ করে রেখে দিয়েছি, মানে কীরকম একটা ঠেকছিল, ওই জন্যই ফোনে সেভ করে রেখেছিলাম, স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ডিসঅ্যাপিয়ারিং মেসেজে যাতে হারিয়ে না যায়… আরে আখরুদা আমাকে বলল সাবিনা ঢুকেছে, সাবিনার বর বারবার ফোন করছে, সাবিনাকে ছাড়ছে না, এখন সাবিনাকে কতক্ষণ জেরা করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। হতে পারে সাবিনা ইয়াসমিন মনে করেছেন ডক্টর মমতা ব্যানার্জি বা চার্টার্ড ভাইপোর ক্ষমতা আছে এনআইএ-র তদন্তকে প্রভাবিত করার, ধারণা হচ্ছে সময়টা কমে যাবে বা এনআইএ ডাকবে না, তাই হয়তো ওদিকে গেছেন।”