এনক্রিপ্টেড চ্যাটেও বড় ঝুঁকি! হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে কোন বিপদের কথা জানাল স্বরাষ্ট্র মন্ত্রক?

সাধারণত এতদিন একটা ধারণা ছিল, বাকি সব মেসেজিং অ্যাপে আড়ি পাতা গেলেও একমাত্র ভরসাযোগ্য হচ্ছে হোয়াটসঅ্যাপ। কারণ একটাই, সংস্থাটি শুরু থেকেই দাবি করে এসেছে যে তাদের চ্যাট সম্পূর্ণ সুরক্ষিত বা এনক্রিপটেড থাকে, কেউ তার অ্যাক্সেস পায় না। এবার হোয়াটসঅ্যাপেরই ওয়েব (WhatsApp Web) ভার্সন ব্যবহারের ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা আইফোরসি (I4C)।

হোয়াটসঅ্যাপের দু’টি ভার্সন রয়েছে— একটি অ্যাপ, যা মোবাইল ও ট্যাবে ব্যবহার করা যায় এবং অপরটি হোয়াটসঅ্যাপ ওয়েব, যা ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহারের জন্য। আইফোরসি-র ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট বা এনসিটিএইউ (NCTAU) জানিয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অনুমোদিত বা অথেন্টিকেটেড হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের অপব্যবহার করে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ ঘটানো যেতে পারে।

কী ধরনের বিপদের আশঙ্কা?

সতর্কবার্তায় বলা হয়েছে, এই ধরনের অনধিকার প্রবেশের সুযোগ নিয়ে কোনও অসাধু ব্যক্তি বা সাইবার অপরাধী ব্যবহারকারীর মেসেজ পড়ে ফেলতে পারে, ব্যবহারকারীর ছদ্মবেশ ধরে বা তাঁর পরিচয় ব্যবহার করে মেসেজ পাঠাতে পারে, এমনকী কন্ট্যাক্ট লিস্ট এবং গ্রুপ চ্যাটও হাতাতে পারে। এর ফলে অ্যাকাউন্ট মালিকের বিশ্বাসযোগ্য পরিচিতিকে কাজে লাগিয়ে আর্থিক প্রতারণা, ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা অন্যান্য ক্ষতিকর অপরাধমূলক কাজ চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এই ঝুঁকি এড়াতে অফিসের কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম, পাবলিক কম্পিউটার বা অন্য কারও নাগালের মধ্যে থাকা ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রের সতর্কতামূলক নির্দেশিকা

আইফোরসি এবং এনসিটিএইউ-এর নির্দেশিকায় নিরাপদ ব্যবহারের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে:

  • দফতরের বা স্পর্শকাতর কাজে না ব্যবহার করাই ভালো: কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের মাধ্যমে সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা অন্য কোনও স্পর্শকাতর তথ্য আদানপ্রদান না করাই বাঞ্ছনীয়।

  • স্থায়ীভাবে লগ ইন করে রাখবেন না: কাজ না থাকলে অথেন্টিকেটেড হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন সক্রিয় বা লগ ইন অবস্থায় ফেলে রাখবেন না, বিশেষ করে অফিসের বা এমন কোনও কম্পিউটারে, যেখানে আপনি ছাড়াও বাকিদের ব্যবহারের সুযোগ থাকে।

  • প্রতিটি সেশনের পর অবশ্যই লগ আউট করুন: কাজ শেষ হওয়ার পর ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট করার অভ্যাস গড়ে তুলুন। কেবল ব্রাউজার উইন্ডো বা ট্যাব বন্ধ করে দেওয়াকে লগ আউট হিসেবে ধরা উচিত নয়।

  • ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন: হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা একান্তই অনিবার্য হলে, কোনও বিশ্বস্ত কম্পিউটারে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করুন এবং ব্রাউজার বন্ধ করার আগেই ম্যানুয়ালি লগ আউট করুন।

  • অপরিচিত বা পাবলিক কম্পিউটার এড়িয়ে চলুন: সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার, ধার করা কম্পিউটার বা অন্য কোনও এমন সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করবেন না, যা বিশ্বাসযোগ্য নয়।

  • অস্বাভাবিক বা সন্দেহজনক গতিবিধিতে সতর্ক থাকুন: আপনার অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিত মেসেজ পাঠানো, পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক উত্তর আসা বা যে কোনও সন্দেহজনক কার্যকলাপকে গুরুত্ব সহকারে দেখতে হবে।

  • ডিভাইস সুরক্ষিত রাখুন: অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার সব সময় আপডেটেড রাখুন; পাশাপাশি সন্দেহজনক ডাউনলোড, অচেনা ফাইল, ক্র্যাকড সফটওয়্যার এবং বিশ্বাসযোগ্য নয় এমন উৎস এড়িয়ে চলুন।

দফতর ও স্পর্শকাতর পরিবেশের জন্য বিশেষ নির্দেশ

অ্যাডভাইজরিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, দফতরের এবং স্পর্শকাতর পরিবেশের ক্ষেত্রে সংস্থাগুলোকে অফিসে হোয়াটসঅ্যাপ ওয়েবের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করলেও, সেটিকে কেবল একটি অতিরিক্ত সতর্কতা হিসেবেই দেখা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *