মাসিক বিলে সিলমোহর, বছরে ১ লক্ষ চাকরির লক্ষ্য! নবান্ন থেকে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে তিন মাসের নয়, আগামী বছরের জানুয়ারি থেকে প্রত্যেক মাসে ইলেক্ট্রিকের বিল পাবেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বা WBSEDCL এলাকার গ্রাহকরা। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিইএসসি-র মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকাতেও যে মাসিক বিল আসবে, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং এ দিন তিনি জানিয়ে দিলেন, জানুয়ারি থেকেই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে।
জানুয়ারিতেই মাসিক বিল ও মিটার রিডিং
মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিশ্রুতি মতো জানুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে মিটার রিডিং দেব ও বিল দেব। ত্রৈমাসিকের বদলে জানুয়ারি মাস থেকে আমরা প্রতি মাসে বিল দেব।” এর ফলে গ্রাহকদের একসঙ্গে তিন মাসের বিপুল অঙ্কের বিল মেটানোর চাপ কমবে বলে মনে করা হচ্ছে।
বিদ্যুতের চাহিদা ও বাইরে থেকে কেনার প্রসঙ্গ
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যে পরিবর্তনের পর বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং শিল্পক্ষেত্রের জন্য অন্য রাজ্য থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল আমলে রাজ্যে শিল্পক্ষেত্রে বিদ্যুতের চাহিদা তলানিতে পৌঁছেছিল; কিন্তু ডিসেম্বর মাস থেকেই শিল্পক্ষেত্রের জন্য রাজ্যকে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে।
শীতকালীন অধিবেশনে ৮ বিল ও নিয়োগের ঘোষণা
মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, বিধানসভার শীতকালীন অধিবেশনে ৮টি নতুন বিল আনা হচ্ছে। পাশাপাশি সরকারি নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, রাজ্য সরকার বছরে ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।
আবেদন ফি মকুব এবং প্রশাসনিক খরচ কমানোর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আজকের পর থেকে যত নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে, টাকা দিতে হবে না। আজকের পর কোথাও কোনও অর্থ দিতে হবে না। রাজ্য সরকার তাঁদের পরীক্ষার খরচ বহন করবে। মুখ্যমন্ত্রী সফরের খরচ ১০ শতাংশ কমে গিয়েছে। অনেক টাকা উদ্বৃত্ত হবে। আগের সরকার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে ৬১১ কোটি টাকা খরচ করেছিল। তাই আমরা মনে করি, বেকার যুবক-যুবতীদের থেকে টাকা নেওয়াটা একটা অপরাধ। তাই আজকের পর থেকে কোনও টাকা দিতে হবে না।”