দার্জিলিংয়ের ভিড় ভুলে মেঘের দেশে! পাহাড়ের অচেনা ঠিকানা টোংলুতে কী আছে?

দার্জিলিং বললেই চোখের সামনে ভেসে ওঠে ম্যাল রোডের ভিড়, কেভেন্টার্সের সামনের লম্বা লাইন আর টাইগার হিলে সূর্যোদয় দেখার হুড়োহুড়ি। বছরের পর বছর একই জায়গায় বেড়াতে গিয়ে অনেকের কাছেই সেই চেনা ছবি কিছুটা একঘেয়ে হয়ে উঠেছে। পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে যদি ভিড়, যানজট আর শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান, তবে এবার গন্তব্য বদলানোর সময় এসেছে। চলে যান মেঘের রাজ্যে, যেখানে সকালের ঘুম ভাঙবে পাখির ডাকে, জানলার বাইরে ভেসে বেড়াবে মেঘ আর চোখের সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের সেই নিরিবিলি ঠিকানার নাম টোংলু।
দার্জিলিংয়ের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত পাহাড়ি জনপদ প্রকৃতিপ্রেমীদের কাছে যেন এক টুকরো স্বর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,১৩০ ফুট উচ্চতায় অবস্থিত টোংলু সান্দাকফু যাওয়ার পথের অন্যতম আকর্ষণীয় জায়গা। মানেভঞ্জন থেকে সান্দাকফুর পথে এগোলেই পৌঁছে যাওয়া যায় এই ছোট্ট পাহাড়ি গ্রামে। দার্জিলিং থেকে এর দূরত্ব আনুমানিক ৩৫ কিলোমিটার। তবে এখানে পৌঁছনোর পর মনে হবে, শহরের ব্যস্ত পৃথিবী থেকে বহু দূরে মেঘের দেশে চলে এসেছেন।
টোংলুতে আসার অন্যতম বড় আকর্ষণ কাঞ্চনজঙ্ঘার মনমুগ্ধকর দৃশ্য। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে হিমালয়ের বিস্তৃত পর্বতশ্রেণির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। ভোরের আলোয় বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় যখন সূর্যের প্রথম সোনালি রোদ পড়ে, তখন তৈরি হয় এক স্বপ্নময় পরিবেশ। দেখা মেলে বিখ্যাত স্লিপিং বুদ্ধার। আকাশ পরিষ্কার থাকলে দূরের এভারেস্ট শৃঙ্গও নজরে আসতে পারে। টোংলুর আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার মেঘের খেলায়। কখনও পাহাড়ের গায়ে সাদা মেঘের চাদর, কখনও আবার চোখের সামনে মেঘের সমুদ্র। সকালে রোদ, দুপুরে মেঘ আর বিকেলে ঘন কুয়াশা প্রকৃতির এই রূপবদল পর্যটকদের মুগ্ধ করে। চারপাশের পাইন ও রডোডেনড্রন গাছের সারি পেরিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কোনও রূপকথার জগতে প্রবেশ করেছেন।
দার্জিলিংয়ের মতো গাড়ির হর্ন, যানজট কিংবা হোটেলের ভিড় এখানে নেই। আছে পাহাড়ি হাওয়ার শব্দ, নাম না জানা পাখির ডাক আর প্রকৃতির নিজস্ব ছন্দ। সন্ধ্যা নামলেই আকাশজুড়ে ফুটে ওঠে অসংখ্য তারা। শহরের আলোকদূষণ থেকে দূরে থাকায় রাতের আকাশও হয়ে ওঠে অসাধারণ। যাঁরা নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ ঠিকানা টোংলু। যাঁরা পাহাড়ে ট্রেকিং ভালোবাসেন, তাঁদের কাছেও এই জায়গা বেশ আকর্ষণীয়। মানেভঞ্জন থেকে পায়ে হেঁটে টোংলু পৌঁছনোর সুযোগ রয়েছে। পথের দু’পাশে পাহাড়ি বন, উপত্যকা আর মেঘের আনাগোনা ট্রেকিংয়ের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। তবে উচ্চতা ও আবহাওয়ার কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যাত্রা করা উচিত।
টোংলুতে পৌঁছনোর জন্য কলকাতা বা দক্ষিণবঙ্গের যে কোনও স্থান থেকে তিনটি পথ খোলা রয়েছে। আকাশপথে এলে বাগডোগরা বিমানবন্দর, রেলপথে এলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা শিলিগুড়ি জংশন এবং বাসে এলে সরকারি বা বেসরকারি বাস ধরে সোজা শিলিগুড়ি তেনজিং নोरগে বাস টার্মিনাস। এরপর শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে মানেভঞ্জন। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। মানেভঞ্জন থেকে স্থানীয় ল্যান্ড রোভার বা উপযুক্ত চার চাকার গাড়িতে টোংলু যাওয়া যায়। চাইলে অভিজ্ঞ গাইডের সাহায্য নিয়ে ট্রেকিং করেও পৌঁছতে পারেন।
টোংলুতে থাকার জন্য রয়েছে সীমিত সংখ্যক ট্রেকার্স হাট ও হোমস্টে। পাহাড়ের কোলে সাধারণ অথচ মনোরম পরিবেশে থাকার সুযোগ পাবেন পর্যটকরা। হোমস্টেতে মিলবে ঘরোয়া পাহাড়ি খাবার, গরম ভাত, ডাল, তরকারি ও স্থানীয় আতিথেয়তা। থাকার জায়গা কম থাকায় যাওয়ার আগেই বুকिंग করে নেওয়া ভালো। অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে মে এই সময় টোংলু ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়। শীতকালে তাপমাত্রা অনেকটাই নামে এবং অনুকূল পরিস্থিতিতে তুষারপাতও দেখা যেতে পারে। বর্ষাকালে ভারী বৃষ্টি, কুয়াশা ও পাহাড়ি রাস্তার পরিস্থিতির কারণে যাতায়াতে সমস্যা হতে পারে। তাই এবারের ছুটিতে চেনা দার্জিলিংয়ের বাইরে বেরিয়ে টোংলু থেকে ঘুরে আসতে পারেন।