প্যাকেটজাত জলেও কি লুকিয়ে বিপদ? বিসলেরি ঘিরে FSSAI-এর পদক্ষেপে চাঞ্চল্য

বোতলবন্দি জল মানেই নিশ্চিন্তে পান করা যায়, সাধারণ মানুষের এই চিরচেনা ধারণাতেই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে দেশের খাদ্য নিয়ামক সংস্থা। জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি রাসায়নিকের উপস্থিতি মিলেছে বলে দাবি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI। শুধু তাই নয়, ওই নমুনার জলকে অসুরক্ষিত ঘোষণা করে সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করার অনুমতিও দিয়েছে তারা। তবে এই গুরুতর অভিযোগের জবাবে বিসলেরির পাল্টা দাবি, প্রায় ১৪ মাস আগের একটি নির্দিষ্ট ব্যাচের নমুনা নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। পরবর্তী সময়ে তাদের নিজস্ব উদ্যোগে করানো পরীক্ষাগারে জলের গুণমান একেবারে ঠিকই পাওয়া গিয়েছিল। সংস্থার বক্তব্য, এখনও পর্যন্ত তারা FSSAI-এর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিস পায়নি।
রবিবার খাদ্য নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনালের কারখানা থেকে সংগ্রহ করা বোতলবন্দি পানীয় জলের একটি নমুনা গুণমানের পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। প্রথম দফার পরীক্ষায় জলে ব্রোমেট নামক রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি পাওয়া গিয়েছিল। সংস্থার তরফে আপিল করার পর নমুনাটি পুনরায় পরীক্ষার জন্য রেফারেল পরীক্ষাগারে পাঠানো হলে সেখানেও জলটিকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়। দ্বিতীয় পরীক্ষার রিপোর্টে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস বা PAHs নামে আরেকটি রাসায়নিকের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এর পরেই বিসলেরির বিরুদ্ধে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ অনুযায়ী আইনি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে FSSAI।
অন্যদিকে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসলেরি জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। সংস্থার গোয়ার কারখানায় উৎপাদিত একটি ব্যাচ থেকে ৩০ সেপ্টেম্বর মোট ছটি নমুনা সংগ্রহ করেছিল FSSAI। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনাই নির্ধারিত সব মানদণ্ড পূরণ করেছিল। কিন্তু ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়, যেখানে অনুমোদিত সর্বোচ্চ মাত্রা হল ১০ মাইক্রোগ্রাম। অর্থাৎ নির্ধারিত সীমার তুলনায় সামান্য পরিমাণ বেশি ব্রোমেট মিলেছিল ওই একটি নমুনায়।
এরপর ২০২৫ সালের ২২ নভেম্বর পরীক্ষার ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করে বিসলেরি। সংস্থার দাবি, পুনরায় পরীক্ষার জন্য নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হলে সেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। তবে ওই পরীক্ষাগারে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস নামে ভিন্ন একটি রাসায়নিকের উপস্থিতির কথা জানানো হয়। দুই দফার পরীক্ষার ফলাফলের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে আরও বিশদ ও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিল সংস্থা।
বিসলেরি আরও জানিয়েছে, তারা নিজেরাও FSSAI অনুমোদিত একটি পরীক্ষাগারে ওই একই নমুনা পরীক্ষা করিয়েছিল। সেখানেও ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যেই পাওয়া যায়। এরপর ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পরীক্ষার সমস্ত রিপোর্ট সহ FSSAI-এর পশ্চিমাঞ্চলীয় দফতরে চিঠি পাঠায় সংস্থা। তারপর থেকে নিয়ামক সংস্থার তরফে আর কোনো যোগাযোগ করা হয়নি বলে দাবি বিসলেরির। ফলে তারা ধরে নিয়েছিল যে বিষয়টি মিটে গিয়েছে।
কেন এই রাসায়নিকগুলো নিয়ে এত উদ্বেগ তৈরি হয়েছে? বিশেষজ্ঞদের মতে, জল পরিশোধনের সময় ওজোন ব্যবহারের ফলে ব্রোমেট তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, পানীয় জলে ব্রোমেটের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম। অন্যদিকে, PAHs হল এমন এক ধরনের রাসায়নিক যৌগ, যার কয়েকটি দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
বিসলেরির দাবি, সারা দেশে তাদের ১৪৩টি কারখানার নেটওয়ার্কে পানীয় জলের গুণমান বজায় রাখতে অত্যন্ত কড়া নজরদারি চালানো হয়। উৎপাদনের ১০টি ধাপে ৯০টিরও বেশি গুণমান পরীক্ষা করা হয়। সংস্থার বক্তব্য, এখনও পর্যন্ত তারা কোনো ইমেল বা লিখিত নোটিস হাতে পায়নি, এমনকি FSSAI-এর ওয়েবসাইটেও সংশ্লিষ্ট নোটিস খুঁজে পায়নি। তবে খাদ্য সুরক্ষার বিষয়ে নিয়ামক সংস্থাকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তারা। একই সঙ্গে বিসলেরি স্পষ্ট জানিয়েছে যে তাদের বোতলবন্দি জল পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ।