‘যিনি জেতার যোগ্য, ট্রফি তাঁরই হবে’—বিতর্ক নিয়ে বিস্ফোরক জয়জিৎ! পক্ষপাতিত্বের অভিযোগে সরব শ্রীলেখা

একটা সময় ছিল, ‘বিগ বস’ মানেই ছিল টানটান উত্তেজনা, বুদ্ধির খেলা, কৌশলী চাল, অল্পবিস্তর বিতর্ক, অপ্রত্যাশিত বন্ধুত্ব আর সম্পর্কের নানা সমীকরণ। প্রতিযোগীদের ব্যক্তিত্ব, তাঁদের লড়াই এবং ঘরের ভিতরের অজানা রসায়ন দেখতে মুখিয়ে থাকতেন দর্শক। এবারেও তার অন্যথা হয়নি; শুরু থেকেই চর্চায় ছিল ‘বিগ বস বাংলা’ সিজন থ্রি। প্রতিযোগীদের পরিচিতি, তাঁদের ব্যক্তিগত জীবন, ঘরের ভিতরের সমীকরণ—সব কিছু নিয়েই দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে।
কিন্তু সময় যত এগিয়েছে, ততই যেন বিনোদনের জায়গা দখল করেছে বিবাদ। কখনও তীব্র বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড়, কখনও আবার সম্পর্কের টানাপড়েন। প্রশ্ন উঠছে, দর্শক কি সত্যিই এই ধরনের কনটেন্ট দেখতে চান? অত্যধিক বিতর্ক কি বিনোদনের জন্য কাম্য? সোশ্যাল মিডিয়ায় চর্চার পাশাপাশি এই বিষয়ে মতামত জানিয়েছেন একাধিক তারকা।
কী বলছেন সেলেবরা?
বিগ বস বাংলার দ্বিতীয় সিজনের বিজয়ী জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, তিনি দাদার দরবার দেখেন এবং তা ভালো লাগে। তাঁর মতে, যে কোনো ধরনের বিতর্কই বিনোদনের রসদ হয়ে ওঠে—তা সে রাজনীতির ময়দান হোক বা খেলার মাঠ। জয়জিতের কথায়, বিগ বস হবে আর সেখানে বিতর্ক থাকবে না, তেমনটা নয়; প্রতিযোগীদের যাঁরা ভক্ত, তাঁরা কাদা ছোড়াছুড়ি করবেন, এটাই স্বাভাবিক। তবে তাঁরা এটা বোঝেন না যে যিনি জেতার যোগ্য, তিনিই ট্রফি আর টাকা নিয়ে চলে যাবেন।
এবারের শোয়ে এলিমিনেটেড প্রতিযোগী অভিনেত্রী সোনামণি সাহা জানান, বিতর্ক চলছেই এবং তাঁর মতে এই বিতর্কই আবার দর্শকের এই শো-এর প্রতি আগ্রহ-উৎসাহের জন্ম দিচ্ছে। একজন শো-টি দেখে সেটা নিয়ে কথা বলছেন, অন্যজন সেটা শুনে আবার দেখছেন—মানুষ বিগ বস দেখছে, এটাই আসল কথা বলে মনে করেন তিনি।
অভিনেতা শাহির রাজ বলেন, বিগ বস মানেই বিতর্ক, মতবিরোধ, ঝগড়া কিংবা উত্তেজনা; তবে একটি রিয়ালিটি শো-কে শুধুমাত্র বিতর্কের নিরিখে বিচার করতে নারাজ তিনি। বরং বিগ বসের ঘরের নানা পরিস্থিতির মধ্যেও যে ভালোবাসা, সম্পর্ক এবং প্রতিভার প্রকাশ ঘটে, সেটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবারের বিগ বস বাংলা তাঁর বেশ ভালো লাগছে এবং বিশেষ করে প্রতিযোগী দুর্নিবার সাহার উপস্থিতি দারুণ লাগছে বলে জানান শাহির।
তাঁর কথায়, একসঙ্গে অনেক মানুষকে একটি নির্দিষ্ট পরিবেশে থাকতে হয়—যেখানে হাতে ফোন থাকে না, বাইরের দুনিয়ার খবর, সময় কিংবা প্রতিদিনের পরিচিত অভ্যাস থেকে তাঁরা বিচ্ছিন্ন থাকেন। আজকের দিনে হাত থেকে ফোন কেড়ে নেওয়া হলে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হলে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেখান থেকেই মতবিরোধ বা বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক। তবে বিতর্ক কখনওই শো-য়ের প্রধান আকর্ষণ হওয়া উচিত নয় বলে মনে করেন শাহির। তাঁর মতে, দুর্নিবার সাহা নিজের গান দিয়ে সব কিছু সামলে নিচ্ছেন এবং শুধু কথা বলে বা চিৎকার করে নয়, গান দিয়েও মানুষের মন জয় করা যায়—তা তিনি বুঝিয়ে দিচ্ছেন। হিন্দি বিগ বস অনেকেই দেখলেও এটিই তাঁর প্রথম বিগ বস দেখার অভিজ্ঞতা এবং চেনা মানুষের যোগ থাকায় এবারের সিজন নিয়মিত উপভোগ করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, বিগ বস ও স্টার জলসা তাঁদের ভীষণভাবে হতাশ করেছে। রাজবীরকেই কেন বারবার নিশানা করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি লেখেন যে এই ধরনের অনুষ্ঠানই দেখাতে হলে বিগ বসের নাম না দিয়ে দিদি নম্বর ১-এর ফরম্যাটে দেখানো হোক। এমন আচরণ ইচ্ছাকৃত কি না, তা নিয়ে প্রশ্ন তুলে এটিকে একপেশে, অন্ধ ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য লেখেন, বিগ বস যখন কালার্স বাংলায় হতো, তখন দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে তাঁকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল; কিন্তু মানসিকভাবে তৈরি না থাকায় প্রতিবারই বিনয়ের সঙ্গে না করেছিলেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, এখানে ভদ্র ব্যবহার মানে সেফ খেলা, সবার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা থাকলে বলা হচ্ছে ঝুন্ড-এ চলছে, আর কথায় কথায় গালাগালি ও বিপ দিয়ে কথা না বললে কনটেন্ট পাওয়া যাচ্ছে না—যে যত টক্সিক, তার তত ফ্যান ফলোয়ার্স। এপিসোড, সোশ্যাল মিডিয়া ক্লিপস ও বাদানুবাদ দেখে নিজের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেছেন রূপালি এবং এত টক্সিসিটি, নেগেটিভিটি ও ভায়োলেন্স দেখে এই শো নিয়মিত দেখার যোগ্য নন বলে মন্তব্য করেন তিনি।
সীমারেখা ও বিনোদনের প্রশ্ন
এবারের সিজনে বন্ধুত্ব, প্রেম, অভিমান ও বিশ্বাসঘাতকতার মতো সম্পর্কের সমীকরণ ঘিরেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। তবে সম্পর্কের জটিলতা তুলে ধরার সঙ্গে ব্যক্তিগত আক্রমণ বা মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে এবং সেই সীমারেখা কতটা বজায় থাকছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পাশাপাশি বিগ বসের মতো শোয়ে টাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই প্রতিযোগীদের আসল চরিত্র, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা সামনে আসে। কিন্তু দর্শকের মনে যদি এমন ধারণা তৈরি হয় যে টাস্কের চেয়ে ঝগড়া বেশি গুরুত্ব পাচ্ছে, তবে শো-য়ের মূল আকর্ষণই হারিয়ে যায় বলে মনে করছেন দর্শকের একাংশ। আলোচনা আর জনপ্রিয়তা এক বিষয় নয়; নিয়মিত দেখা ও সমালোচনা করা মানেই যে উপভোগ করা, তা নয়। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে—বিগ বস বাংলা কি দর্শককে বিনোদন দিতে এসেছে, নাকি দর্শকের বিরক্তি, রাগ ও বিতর্ককেই বিনোদন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে?