ঋতব্রতরা বিজেপির বি টিম’! হলফনামা বিতর্কে তোপ তৃণমূলের, কী বলছে নানুর থানা?

নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা জমা দেওয়ার ছক কষার অভিযোগে কালীঘাট থানায় লিখিত নালিশ জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। অভিযোগের তির দলেরই বিদ্রোহী গোষ্ঠীর দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের দিকে। একই সঙ্গে কাঠগড়ায় তোলা হয়েছে বীরভূমের নানুর থানার ওসি সঞ্জয় সরকার এবং সাব-ইন্সপেক্টর গোলক ঘোষকেও।
গত ২০ নভেম্বর কালীঘাট থানায় এই অভিযোগ দায়ের করেছেন মমতা তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা পেশায় আইনজীবী শুভাশিস চক্রবর্তী। পুলিশের রিসিভড কপি অনুযায়ী, ওই দিন রাত ৯টা ১০ মিনিটে অভিযোগপত্রটি জমা পড়ে; তবে তাতে ‘বিষয়বস্তু যাচাই করা হয়নি’ বলে উল্লেখ রেখেছে পুলিশ।
ভাঙনের প্রেক্ষাপট ও জালিয়াতির অভিযোগ
অভিযোগের নেপথ্যে রয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সমীকরণ। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর তৃণমূলের অন্দরে ভাঙন ধরে; উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে বেরিয়ে যান। ওই বিদ্রোহী গোষ্ঠী নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করে, এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সভানেত্রী নন এবং ওই পদে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায় রয়েছেন বলেও দাবি করা হয়। দলের প্রতীক ও সাংগঠনিক দখলদারি নিয়ে সেই বিবাদ বর্তমানে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন।
কমিশনের কাছে নিজেদের জনসমর্থন প্রমাণ করতে দুই শিবিরই দলীয় কর্মী ও সাধারণ মানুষের হলফনামা জমা দিয়েছে। শুভাশিসের অভিযোগ, সেই প্রক্রিয়ায় কারচুপি করতেই নানুর থানার সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছে। পুলিশকে জমা দেওয়া অভিযোগপত্রে মমতা তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ লিখেছেন, গত ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে নানুর থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর হয়ে সাধারণ মানুষের নামে ভুয়ো হলফনামা তৈরি করেছেন।
অভিযোগ অনুযায়ী, আশপাশের গ্রামের ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম ও ঠিকানা নেওয়া হতো এবং এরপর স্ট্যাম্প পেপারে আগে থেকে ছাপানো বয়ানে সেই নাম বসিয়ে দেওয়া হতো। ওই হলফনামায় লেখা থাকত, সংশ্লিষ্ট ব্যক্তি অরূপ রায়কে নেতা মানেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে স্বীকার করেন না। অভিযোগকারীর দাবি, ওই গ্রামবাসীরা সশরীরে হাজির হননি বা কাউকে সই করার অনুমতিও দেননি—তাঁদের সই জাল করা হয়েছে।
আইনি ধারা ও পাল্টা প্রতিক্রিয়া
অভিযোগপত্রে শুভাশিস চক্রবর্তী উল্লেখ করেছেন, পুলিশকর্মীরা আইন ও নাগরিকদের অধিকার রক্ষার বদলে নিজেদের পদমর্যাদা ও থানার পরিকাঠামো ব্যবহার করে জাল নথি তৈরি করেছেন। তাঁর মতে, সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করতেই এই গভীর ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১৯৮, ২০১, ২২৯, ২৩৬, ৩৩৬, ৩৪০ এবং ৩৪১ ধারায় এফআইআর দায়ের করে অবিলম্বে তদন্ত শুরুর দাবি জানিয়েছেন তিনি।
তবে এ ব্যাপারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা হলেও উভয়ের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে নানুর থানার ওসি সঞ্জয় সরকার বলেন, এই বিষয়টি তাঁর জানা নেই এবং কী অভিযোগ হয়েছে তাও তিনি জানেন না, তাই কিছুই বলতে পারবেন না।
এদিকে এই ঘটনায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, আইনের শাসনের নাম করে বিজেপি যা করছে মানুষ সব দেখছে এবং ঋতব্রতরা বিজেপির বি টিম; সময়েই মানুষ এর যোগ্য জবাব দেবেন।