২৬/১১-এর ধাঁচে হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের হুমকি! ৩০০ জনকে হত্যার হুঁশিয়ারি লস্করের নামে, চূড়ান্ত সতর্কতা জারি

আচমকা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নামে হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে। শহরের দু’টি অত্যন্ত জনবহুল এবং ব্যস্ত এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। এর পরেই শহরজুড়ে হাই অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করেছে হায়দরাবাদ পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার পাঠানো হুমকি ইমেলে ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে বড়সড় হামলা চালানোর উল্লেখ করা হয়েছে। সে কথা জানিয়ে হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যুগ্ম কমিশনার শহরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। সতর্কবার্তায় উল্লেখ রয়েছে যে ইমেলটি লস্কর-ই-তৈবার তরফে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে এবং প্রেরক নিজেকে ওই জঙ্গি সংগঠনেরই সদস্য বলে দাবি করেছেন।

টার্গেটে স্টেশন ও হোটেল, বদলার হুঁশিয়ারি

ইমেলে জানানো হয়েছে, হায়দরাবাদের কাচিগুড়ার হোটেল ট্যুরিস্ট প্লাজা এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি নাশকতায় অন্তত ৩০০ জনকে হত্যার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইমেলে এ কথারও স্পষ্ট উল্লেখ রয়েছে যে গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গলপোরায় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দক্ষিণ কাশ্মীরের লস্কর জঙ্গি লতিফ ভাট এবং তার সহযোগীদের মৃত্যুর বদলা নিতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে।

কড়া নিরাপত্তা ও তদন্ত শুরু

হুমকি ইমেল পাওয়ার পরেই শহরের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ আধিকারিকদের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল ট্যুরিস্ট প্লাজা ছাড়াও শহরের সমস্ত জনবহুল এলাকা, হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ পরিদর্শনস্থলে অবিলম্বে কড়া নিরাপত্তা জারি করতে হবে এবং নজরদারি বাড়াতে হবে।

পাশাপাশি এলাকাগুলোতে সন্দেহজনক কোনো ব্যক্তি, পরিত্যক্ত বস্তু, যানবাহন বা যে কোনো অস্বাভাবিক গতিবিধির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত পুলিশি টহলদারি, নাশকতা-বিরোধী তল্লাশি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে একযোগে কাজ করার কথাও বলা হয়েছে। গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে হায়দরাবাদ পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বিভাগ; কারা এই ইমেল পাঠিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *