শেখ শাহজাহানকে জব্দ করেছি, আকাশ মণ্ডল কোন ছাড়!’ পুরাতন মালদহে বন্দুকবাজের আতঙ্কে ফুঁসছেন মন্ত্রী জুয়েল মুমু

পিস্তল দেখিয়ে ২০ লক্ষ টাকা দাবি; টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি। কখনও ভিডিয়ো কল, আবার কখনও এসএমএস—আগ্নেয়াস্ত্র দেখিয়ে এভাবেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন পুরাতন মালদহের বাসিন্দা আকাশ মণ্ডল বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, তোলাবাজি থেকে শুরু করে জমি কেনাবেচা বা বাড়ি তৈরি, সবেতেই নাকি তাঁর অনুমতি ও টাকা লাগে। অভিযুক্তের ভয়ে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও সাহস পাচ্ছেন না সাহাপুর ও লক্ষ্মী কলোনির বহু মহিলা। অভিযোগকারীদের দাবি, তোলাবাজি ও খুনসহ আকাশ মণ্ডলের বিরুদ্ধে প্রায় ৫০টি মামলা রয়েছে। এত অভিযোগের পাহাড় জমে থাকলেও কীভাবে তিনি পুলিশের নাগালের বাইরে রয়েছেন, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।

একসময় তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ছিলেন আকাশ মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, পুরাতন মালদহ থানার সাহাপুর এলাকায় দীর্ঘদিন ধরেই নিজের আধিপত্য ও ‘দাদাগিরি’ চালাচ্ছেন তিনি। এলাকায় কেউ বাড়ি বানাতে গেলে কিংবা জমি কিনতে বা বিক্রি করতে গেলে তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয় বলে দাবি। চাহিদামতো টাকা না পেলেই শুরু হয় হুমকি ও ভয় দেখানো। কখনও সরাসরি, আবার কখনও ভিডিয়ো কল বা এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী নিজের কাছে থাকা একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ছবি পাঠিয়েও আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ী কমল ঘোষ। আকাশ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। কমল ঘোষের অভিযোগ, তাঁর কাছেও মোটা টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে রাজি না হওয়ায় ভিডিয়ো কল ও এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। শুধু তিনি নন, গোটা এলাকার মানুষই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

অন্যদিকে, এলাকার মহিলারাও প্রকাশ্যে ক্ষোভ ও আতঙ্কের কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, আকাশ মণ্ডলের ভয়ে সন্ধ্যার পর কার্যত ঘরবন্দি থাকতে বাধ্য হচ্ছেন তাঁরা। কখন কী বিপদ ঘটে, সেই দুশ্চিন্তাতেই কাটছে দিন। দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী জুয়েল মুমু। তিনি বলেন, রাজ্য সরকার যখন শেখ শাহজাহানকে জব্দ করতে পেরেছে, সেখানে আকাশ মণ্ডল কোন ছাড়! বন্দুক দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার সাহস সে কোথা থেকে পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, বিজেপি চুপ করে বসে নেই; ইতিমধ্যেই পুলিশ সুপার থেকে আইজি—সকলকেই বিষয়টি জানানো হয়েছে।

মালদহ থানার আইসিকে উদ্দেশ্য করেও কড়া মন্তব্য করেছেন জুয়েল মুমু। তাঁর বক্তব্য, কার কাছ থেকে টাকা তোলা হচ্ছে এবং এই তোলাবাজির নেপথ্যে কারা মদত দিচ্ছেন, তা খুঁজে বের করতে হবে। এলাকায় নজরদারি বাড়িয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

অন্যদিকে, মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আইন অনুযায়ী আকাশ মণ্ডলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে পুলিশ কত দ্রুত পদক্ষেপ করে এবং এলাকার বাসিন্দাদের আতঙ্ক দূর করতে কী ভূমিকা নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *