দুর্ঘটনা ঘটিয়েই পালিয়ে গেলেন বৃদ্ধ বাইকচালক? কাকিনাড়ায় ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ৩

এক বৃদ্ধ বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে একটি SUV। আর তার জেরেই দুটি SUV-র মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন, গুরুতর জখম হলেন আরও তিন জন। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় শনিবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সার্ভিস লেন থেকে একটি বাইক নিয়ে বেরিয়ে জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন এক বৃদ্ধ। সেই সময় দ্রুতগতিতে এগিয়ে আসছিল একটি SUV। বাইক আরোহীকে ধাক্কা মারা এড়াতে আচমকাই স্টিয়ারিং ঘুরিয়ে দেন চালক, যার ফলে গাড়িটি রাস্তার বিপরীত লেনে চলে যায়। ঠিক তখনই উল্টো দিক থেকে আসছিল একটি সাদা SUV। দু’টি গাড়ির মধ্যে সরাসরি মুখোমুখি ধাক্কা লাগে। এই সংঘর্ষে সাদা SUV-তে থাকা দু’জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তিন জন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পালস নিউজের শেয়ার করা ভিডিওর বিবরণ অনুযায়ী, ওই বৃদ্ধ একটি TVS XL চালাচ্ছিলেন। অভিযোগ, তিনি রাস্তার ভুল দিক দিয়ে এসে জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে বাঁচাতে গিয়েই Tata Nexon-এর চালক হঠাৎ গাড়ির দিক বদলান। এর পরেই বিপরীত দিক থেকে আসা Maruti Ertiga-র সঙ্গে Nexon-এর মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে আরও একটি বাইক এসে ধাক্কা মারে Ertiga গাড়িটিতে।

ধাক্কার তীব্রতায় এক বাইক আরোহী বেশ কয়েক ফুট শূন্যে ছিটকে পড়েন। সিসিটিভি ফুটেজে আরও দেখা গিয়েছে, এত বড় দুর্ঘটনা ঘটার পরেও থেমে আহতদের সাহায্যে এগিয়ে না এসে ওই বৃদ্ধ বাইকচালক গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। ভয়াবহ এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এক বাইক আরোহীর রাস্তা পার হওয়ার চেষ্টাকে ঘিরে পরপর একাধিক গাড়ির সংঘর্ষ ঘটল, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *